নজরুল ইসলাম বিপ্লব, কালীগঞ্জ: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ৭ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ৩১ আগস্ট ২০২৬ সরকারি আদিতমারী গিরিজা শংকর মডেল স্কুল এন্ড কলেজ মাঠে আদিতমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব, রোকন উদ্দিন বাবুল এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার জনাব গুঞ্জন বিশ্বাস।
বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আয়োজিত এ প্রীতি ভলিবল ম্যাচকে কেন্দ্র করে মাঠে উপস্থিত দর্শক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
প্রধান অতিথির উপস্থিতিতে খেলাটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ক্রীড়াপ্রেমী দর্শকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।