• ঢাকা |

লালমনিরহাটে তিনদিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা


নিউজ প্রকাশের তারিখ : ১৭ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

কল্লোল আহমেদ, লালমনিরহাট: “স্মার্ট ভূমি সেবা, জনগণের দোরগোড়ায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। এ উপলক্ষে জেলা প্রশাসন, লালমনিরহাটের উদ্যোগে কর্মরত সাংবাদিকদের সাথে এক তথ্যবহুল প্রেস কনফারেন্স ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১৯ থেকে ২১ মে সারাদেশে একযোগে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ আয়োজন করা হবে। এর অংশ হিসেবে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়াম (নতুন) প্রাঙ্গণে তিনদিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। ১৯ মে সকাল ৯:৩০ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে মিশন মোড় হয়ে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। পরে সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি স্ক্রিনে প্রদর্শনের মাধ্যমে মেলার শুভ উদ্বোধন করা হবে।

মতবিনিময় সভায় স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকারের বিভিন্ন পদক্ষেপ, ভূমিসেবা অটোমেশন কার্যক্রম, অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, ডিজিটাল রেজিস্ট্রেশনসহ নাগরিকবান্ধব বিভিন্ন সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের মাঝে ডিজিটাল ভূমিসেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সেবাগুলো সহজ ও স্বচ্ছভাবে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়।

জানা গেছে, মেলা চলাকালীন নাগরিকরা সরাসরি ভূমি মন্ত্রণালয়ের অনলাইন পোর্টালে নিবন্ধন, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, বিভিন্ন ফি জমা প্রদানসহ নানা ধরনের ডিজিটাল ভূমিসেবা গ্রহণ করতে পারবেন। এছাড়াও মেলায় স্টল স্থাপন, কুইজ প্রতিযোগিতা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রেস কনফারেন্সে বক্তব্য দেন রেভিনিউ ডেপুটি কালেক্টর শাহরিয়ার তানভীর আহমেদ। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও ঝামেলাহীন সেবা পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য।

জাতীয় দৈনিক গণজাগরণ পত্রিকার পক্ষ থেকে জেলা প্রশাসক লালমনিরহাট মুহঃ রাশেদুল হক প্রধানসহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। একইসঙ্গে ভূমিসেবা মেলা-২০২৬ সফলভাবে বাস্তবায়নের জন্য শুভকামনা জানানো হয়েছে।

সকল নাগরিককে নিজ নিজ জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এ অংশগ্রহণের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।