• ঢাকা |

অবশেষে বিশ্বকাপে পয়েন্টের দেখা, উচ্ছ্বসিত কানাডা


নিউজ প্রকাশের তারিখ : ১৩ জুন, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো পয়েন্ট অর্জনের স্বাদ পেল স্বাগতিক কানাডা। টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শক্তিশালী বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ১-১ গোলের ড্র করে বিশ্বকাপ মঞ্চে নতুন ইতিহাস গড়েছে উত্তর আমেরিকার দেশটি।

এর আগে ১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপে অংশ নিয়ে মোট ছয়টি ম্যাচ খেলেও কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি কানাডা। তবে ঘরের মাঠে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ড্র করে সেই আক্ষেপ ঘুচিয়েছে তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বসনিয়া। এর ফলও পেয়ে যায় ২১ মিনিটে। কর্নার কিক থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে হেডে গোল করেন ফরোয়ার্ড জোভো লুকিচ। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি ছিল তাঁর প্রথম গোল। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বলকান অঞ্চলের দেশটি।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে কানাডা। একের পর এক আক্রমণের পর অবশেষে ৭৯ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় স্বাগতিকরা। ফরোয়ার্ড কাইল লারিনের দারুণ ফিনিশিংয়ে ম্যাচে সমতা ফেরে ১-১ গোলে। শেষ পর্যন্ত আর কোনো দলই জয়ের গোল খুঁজে না পাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দু’দল।

এদিকে ম্যাচের আগে কানাডার সমর্থকদের জন্য আসে হতাশার খবর। দলের অন্যতম তারকা ও লেফট ব্যাক আলফানসো ডেভিস হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি। মৌসুমের শেষ দিকে ক্লাব ফুটবলে পাওয়া সেই চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাঁকে বেঞ্চে রাখা হয়েছিল। পরে জানা যায়, চোটের কারণেই এই ম্যাচ থেকে ছিটকে গেছেন কানাডার এই তারকা ফুটবলার।

ড্র হলেও এই ফল কানাডার জন্য ঐতিহাসিক। কারণ বিশ্বকাপের মঞ্চে এটিই তাদের প্রথম অর্জিত পয়েন্ট, যা স্বাগতিক সমর্থকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।