আব্দুল গফুর মন্ডল, বগুড়া প্রতিনিধি: শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, শিক্ষার মানোন্নয়ন এবং সুশৃঙ্খল ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইঞ্জিনিয়ার মো. ইমরান হোসেন ফরহাদ ফকির।
সমাবেশে উপস্থিত ছিলেন কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক রাব্বিন হোসেন, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মহসিন এবং সিনিয়র সহ-সভাপতি নুর আলম। তিনি শোলাগাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও শোলাগাড়ী শাহ লস্কর জিলানী (রহ.) দাখিল মাদ্রাসার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. ইমরান হোসেন ফরহাদ ফকির বলেন, একটি আলোকিত জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু পুঁথিগত শিক্ষায় সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং তাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি মোবাইল আসক্তি ও আধুনিক যুগের নানা অপসংস্কৃতি থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও শরীরচর্চার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। সুস্থ দেহে সুন্দর মনের বিকাশ ঘটে। তাই প্রতিদিন কিছুটা সময় খেলাধুলা ও শরীরচর্চায় ব্যয় করা উচিত। এতে শিক্ষার্থীদের মাদক, মোবাইল আসক্তি ও অপসংস্কৃতি থেকে দূরে রাখা সম্ভব হবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান শিক্ষক শাহারুল ইসলাম সফিক। আমন্ত্রিত অতিথিরাও শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং অভিভাবকদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন।
সমাবেশে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বিপুলসংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। উন্মুক্ত আলোচনা পর্বে অভিভাবকেরা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। বিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবকদের যৌক্তিক দাবি ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, পরিচালনা পর্ষদের সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।