মঙ্গলবার (১০ নভেম্বর) এক বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেন, শিক্ষার্থীদের আবাসিক প্রতিষ্ঠানে এমন অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে কয়েকজন শিক্ষার্থীর আইসিইউতে চিকিৎসাধীন থাকা এবং একজনের লাইফ সাপোর্টে থাকার বিষয়টি তাঁদের গভীরভাবে মর্মাহত করেছে।
তাঁরা আক্রান্ত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁদের শোকাহত ও উদ্বিগ্ন পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
নেতৃবৃন্দ বলেন, আক্রান্ত শিক্ষার্থীদের জীবন রক্ষা ও সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে বিশেষায়িত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে চিকিৎসার ব্যয়ভার বহনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে অর্থাভাবে কোনো শিক্ষার্থী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়।
তাঁরা আরও বলেন, কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এবং এ ঘটনায় কোনো অবহেলা বা নিরাপত্তাব্যবস্থার ঘাটতি ছিল কি না, তা যথাযথ তদন্তের মাধ্যমে খুঁজে বের করতে হবে। তদন্তে কারও দায়িত্বহীনতা বা অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে দেশের সব মাদরাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক ভবনের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা, প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ সরঞ্জাম স্থাপন এবং নিয়মিত তদারকি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।