• ঢাকা |

ভিয়েতনামে পর্যটকবাহী নৌকাডুবিতে ৩৪ জনের মৃত্যু, নিখোঁজ ৭


নিউজ প্রকাশের তারিখ : ২০ জুলাই, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনামের হালং উপসাগরে ঝড়ের কবলে পড়ে একটি পর্যটকবাহী নৌকা ডুবে কমপক্ষে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও সাতজন। এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

স্থানীয় সংবাদমাধ্যম ভিএনএক্সপ্রেস জানায়, শনিবার (১৯ জুলাই) স্থানীয় সময় দুপুর ২টার দিকে প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বজ্রপাতের কারণে নৌকাটি উলটে যায়। এতে ৪৮ জন পর্যটক ও পাঁচজন ক্রু সদস্য ছিলেন।

সংবাদমাধ্যমটি আরও জানায়, নৌকায় থাকা অধিকাংশ পর্যটকই রাজধানী হ্যানয়ের বাসিন্দা এবং যাত্রীদের মধ্যে প্রায় ২০ জনই শিশু।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ভিয়েতনাম নিউজ এজেন্সি স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানায়, উদ্ধারকারী দল এখন পর্যন্ত ১২ জনকে জীবিত উদ্ধার করেছে এবং ৩৪ জনের মরদেহ উদ্ধার করেছে, যার মধ্যে আটজন শিশু রয়েছে। এখনও সাতজন নিখোঁজ।

এদিকে, দেশটির জাতীয় আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে, ‘উইফা’ নামের একটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড় হালং উপসাগর ও উত্তরাঞ্চলের দিকে ধেয়ে আসছে। ঝড়টি আগামী সপ্তাহে উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, হ্যানয় থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত হালং উপসাগর তার নীল-সবুজ জলরাশি ও চুনাপাথরের দ্বীপের সৌন্দর্যের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। প্রতিবছর হাজারো পর্যটক এখানে নৌকা ভ্রমণে আসেন।