ফুলপুর প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর পৌরসভার মহিলা ডিগ্রী কলেজ সংলগ্ন স্থানে বিভিন্ন বাসা-বাড়ির দেয়ালে ও বিদ্যুতের খুঁটিতে আওয়ামী লীগের পোস্টার লাগানো হয়েছে।
গত দুদিন আগে রাতের বেলায় ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে আওয়ামী লীগের সাবেক এমপি শরীফ আহমেদের ছবিসহ এসব পোস্টার লাগানো হয়। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিএনপির কিছু নেতাকে ম্যানেজ করেই এসব কর্মকাণ্ড করেছে যুবলীগ ও ছাত্র লীগের নেতাকর্মীরা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিএনপি নেতা জানান, ফুলপুরে আওয়ামী লীগ, যুব লীগ ও ছাত্রলীগের মামলার আসামিরা অবাধে চলাফেরা করলেও তাদের বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ নিচ্ছেনা স্থানীয় বিএনপি কিংবা প্রশাসন। গত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল করে উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। ওই অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য শপথ বাক্য পাঠ করেন। এছাড়া আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের ফেসবুক আইডিতে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন প্রচারণা চালিয়ে যাচ্ছে। তারা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস ও বিএনপির দলীয় প্রধানদের বিরুদ্ধেও ফেসবুকে নানান অসম্মানজনক ও বিভ্রান্তিমূল পোস্ট দিয়ে যাচ্ছে। তবে ইতিমধ্যে উপজেলা যুবদল নেতা ওয়াহেদুজ্জামান মিঠুন ও একেএম আরিফুল হক এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সেই সাথে আওয়ামী লীগের মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।