• ঢাকা |

রাজশাহীতে আইসিবি ইসলামিক ব্যাংকের গ্রাহক সম্মিলন সেবাপক্ষ ২০২৫ অনুষ্ঠিত 


নিউজ প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

মাহবুব হুসাইন, রাজশাহী ব্যুরো: "সময়ের সাথে বিজয়ের পথে" স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড রাজশাহী শাখা গ্রাহক সম্মিলন সেবাপক্ষ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৬ নভেম্বর) সন্ধ্যার পরে রাজশাহীর সি এন্ড বি মোড় কাজীহাটা নানকিং দরবার হলে আইসিবি এই "সেবাপক্ষ-২০২৫" উদযাপন করছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও আইসিবি ইসলামিক ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান ও ব্যাবস্থপনা পরিচালক মজিবুর রহমান।
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ড. সুমন্ত কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক(ভারপ্রাপ্ত) শামসুল আরেফিন, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ড. একেএম মুহাম্মদ শহিদুর রহমান তরফদার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর পরিচালক প্রফেসর ড. মো. শরিফুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার পরিচালক কানিজ ফাতেমা এবং আইসিবি ইসলামিক ব্যাংকের প্রধান কার্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ শাখাওয়াত হোসেন। স্বাগত বক্তব্য দেন রাজশাহী ও খুলনা অঞ্চলের রিজিওনাল প্রধান মো. কামাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মজিবুর রহমান বলেন, অন্য ব্যাংকের চিত্র এবং আইসিবি ব্যাংকের চিত্র এক নয়। আগে আইসিসি ব্যাংকের টাকা তুলে নেবার জন্য গ্রাহকেরা ভিড় করতো। কিন্তু এখন আমরা স্বাভাবিক ব্যাংকিং ব্যবস্থা চালু করতে পেরে গ্রাহকেরা বেশ আনন্দিত। গ্রাহকদের সেবা নিতে আহবান জানিয়ে তিনি আরো বলেন, কয়েকটি ব্যাংক ইতিমধ্যে কোন টাকা পয়সা দিতে পারছে না কিন্তু আইসিবির ব্যাংকের কোন ধরনের নেগেটিভ নিউজ নাই। 
গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য দেন ঠিকাদার কাজী শফিকুল আলম। তিনি বলেন, “দীর্ঘ ৩৮ বছর ধরে আমি এই ব্যাংকের গ্রাহক। ব্যাংকের নাম তিনবার পরিবর্তন হলেও আমি এখানেই থেকেছি। এই ব্যাংকের সঙ্গে আমার একটি আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি ব্যাংকের প্রধান শক্তি তার গ্রাহক। আর সেই গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়াই ব্যাংকের মূল লক্ষ্য। আইসিবি ইসলামিক ব্যাংক শুরু থেকেই সুশাসন, পেশাদারি মনোভাব ও সময়োপযোগী সেবা নিশ্চিতের মাধ্যমে বাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। গ্রাহকদের আস্থা অর্জনই ছিল নতুন ব্যাংক হিসেবে তাদের বড় চ্যালেঞ্জ, যা তারা সফলভাবে অতিক্রম করতে পেরেছে।
বক্তারা আরও জানান, ১৯৮৭ সালে আল-বারাকা ব্যাংক হিসেবে যাত্রা শুরু করা এই ব্যাংক নানা উত্থান-পতনের মধ্য দিয়ে আজ আইসিবি ইসলামিক ব্যাংক হিসেবে আবারও গ্রাহকদের আস্থা অর্জন করেছে। নতুন উদ্যমে যাত্রা শুরু করা এই ব্যাংক সেবাপক্ষ-২০২৫ উপলক্ষে আকর্ষণীয় মুনাফা ও নতুন বিনিয়োগ-আমানত প্রোডাক্ট চালু করেছে। গ্রাহকদের সহযোগিতা ও বিশ্বাস আগামী পথচলায় ব্যাংককে আরও এগিয়ে নেবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
 অনুষ্ঠানে ব্যবসায়ী, পেশাজীবী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ শতাধিক গ্রাহক অংশ নেন।