• ঢাকা |

পিরোজপুরে জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় দুই ভাই গুরুতর আহত, থানায় মামলা


নিউজ প্রকাশের তারিখ : ৯ নভেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর: পিরোজপুর সদর উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই ভাই গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫-৬ জনের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মামলা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, সদর উপজেলার পশ্চিম শিকারপুর গ্রামের মোসা.নাজমা আক্তারের ভাইদের সঙ্গে পার্শ্ববর্তী চুঙ্গাপাশা এলাকার মৃত সামছুল হক শেখের ছেলে আ. রাজ্জাক শেখ ও তাঁর সহযোগীদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

এর জেরে গত ৮ নভেম্বর সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে অভিযুক্তরা দেশীয় অস্ত্র, ধারালো দা, বগি দা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করে। এ সময় তাঁরা জমিতে থাকা সুপারি ও কলাগাছ কাটতে শুরু করেন।

এতে বাধা দিলে হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মো. রাজিব হাওলাদার (৫০) ও মো. জাহাঙ্গীর হোসেন (৬০) মাথায় গুরুতর জখম হন। তাঁদের রক্ষা করতে এগিয়ে আসা অন্যদেরও লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা যাওয়ার সময় বাগান থেকে প্রায় ৩০ হাজার টাকার সুপারি নিয়ে যান এবং প্রাণনাশের হুমকি দেন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জাহাঙ্গীর হোসেনকে ভর্তি করা হয়। রাজিব হাওলাদারের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় নাজমা আক্তার বাদী হয়ে আ. রাজ্জাক শেখ (৬৯), মো. শাহিন শেখ (৩৬), মো. শাকিল শেখ (৩৯) ও মোসা. হাফিজা বেগম (৫৫) এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে থানায় এজাহার দায়ের করেন।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।