• ঢাকা |

সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও বহুমাত্রিক চিন্তা বিকাশে ডিআরইউ-ডিএফডি বিতর্ক প্রতিযোগিতা শুরু


নিউজ প্রকাশের তারিখ : ৮ নভেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের যুক্তিনির্ভর চিন্তা, বিশ্লেষণী দক্ষতা ও বুদ্ধিবৃত্তিক চর্চাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে প্রথমবারের মতো যৌথভাবে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ডিবেটিং ক্লাব ও ডিবেট ফর ডেমোক্রেসি (ডিএফডি)। দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠনের ১২টি দলের অংশগ্রহণে শুরু হওয়া এ আয়োজন সাংবাদিকদের মধ্যে যুক্তি, মতপ্রকাশ, সহনশীলতা ও গঠনমূলক বিতর্কের সংস্কৃতি বিকাশে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

ডিআরইউ ডিবেটিং ক্লাবের আহ্বায়ক ও সংগঠনটির সাংগঠনিক সম্পাদক এম এম জসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক তাজুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা ও বিতর্কের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। একজন সাংবাদিককে প্রতিনিয়ত বিভিন্ন মত, বক্তব্য ও তথ্যের সত্যতা যাচাই করে সংবাদ পরিবেশন করতে হয়। এ ক্ষেত্রে যুক্তি, বিশ্লেষণ, প্রশ্ন করার সক্ষমতা এবং ভিন্নমত গ্রহণের মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিতর্কচর্চা এসব গুণাবলি বিকাশে কার্যকর ভূমিকা রাখতে পারে।

উদ্বোধক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিতর্ক মানুষকে বহুমাত্রিকভাবে চিন্তা করতে সহায়তা করে। চিন্তার প্রসার ও মননশীলতা বিকাশে বিতর্কের প্রয়োজনীয়তা অপরিসীম। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির ডিবেটিং ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের বিতর্ক প্রতিযোগিতায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে আবু সালেহ আকন বলেন, সাংবাদিকরা সব সময়ই বিতর্কের মধ্য দিয়ে কাজ করেন। কোনো বিষয় সামনে এলে তার বিভিন্ন দিক যাচাই-বাছাই ও ক্রসচেক করেই সাংবাদিকদের সংবাদ তৈরি করতে হয়। তিনি আশা প্রকাশ করেন, ডিআরইউ ডিবেটিং ক্লাবের কার্যক্রম সংগঠনের সদস্যদের চিন্তার জগৎকে আরও বিস্তৃত করবে এবং তাদের পেশাগত ও বুদ্ধিবৃত্তিক বিকাশে ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি মাইনুল হাসান সোহেল বলেন, ডিআরইউর সদস্যদের মধ্যে অনেক ভালো বিতার্কিক রয়েছেন, যাঁদের কেউ কেউ দেশসেরা। প্রথমবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতা অংশগ্রহণকারী ও দর্শকদের জন্য উপভোগ্য হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেওয়া ১২টি দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিআরইউর সিনিয়র সদস্য আশীষ কুমার দে, ডিআরইউ ডিবেটিং ক্লাবের সদস্য সচিব শেখ মো. আরীফ, নির্বাহী সদস্য কাজী শহীদুল আলম এবং ডিআরইউ সদস্য মোস্তফা মল্লিক, রাশেদ রাব্বী, মনির হোসেন, প্রতীক এজাজ ও সুশান্ত কুমার সিনহা।

এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউর অর্থ সম্পাদক ও ডিবেটিং ক্লাবের নির্বাহী সদস্য নিয়াজ মাহমুদ সোহেল, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন এবং আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া।

প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ১২টি সাংবাদিক সংগঠনের দল। এগুলো হলো—বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটি, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম, রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম, বাংলাদেশ এগ্রিকালচারাল রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম এবং রিপোর্টার্স এগেইনস্ট করাপশন।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ১৪ নভেম্বর শনিবার সকাল ১১টায় সনাতন পদ্ধতিতে বিতর্ক প্রতিযোগিতার পরবর্তী পর্ব শুরু হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ আয়োজন কেবল একটি প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং বিভিন্ন বিটে কর্মরত সাংবাদিকদের পারস্পরিক যোগাযোগ, মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময়ের একটি কার্যকর ক্ষেত্র তৈরি করবে। একই সঙ্গে যুক্তিনির্ভর সাংবাদিকতা, দায়িত্বশীল মতপ্রকাশ এবং গণতান্ত্রিক মূল্যবোধ চর্চায় নতুন প্রজন্মের সাংবাদিকদের উৎসাহিত করবে।

সাংবাদিকদের পেশাগত জীবনে তথ্যের যথার্থতা যাচাই, ভিন্নমত বিশ্লেষণ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভারসাম্যপূর্ণ অবস্থান গ্রহণের গুরুত্ব বিবেচনায় ডিআরইউ-ডিএফডির এ উদ্যোগ দেশের সাংবাদিকতা অঙ্গনে একটি ইতিবাচক সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।