আসাদুল্লাহ আল গালিব, জাককানইবি প্রতিনিধিঃরাজধানীর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট ও শিক্ষার্থীসহ ২০ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিবার।
এক শোকবার্তায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেইসাথে তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”
২১ জুলাই (সোমবার) দুপুরে সংঘটিত এ দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুলে আঘাত হানে। তাৎক্ষণিকভাবে বহু হতাহতের ঘটনা ঘটে। সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে।
শোকবার্তায় উপাচার্য আরও বলেন, “আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। সেইসাথে সরকারের প্রতি আহ্বান জানাই, যেন আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হয়।”
এই শোকাবহ দুর্ঘটনায় শোক জানিয়ে বিশ্ববিদ্যালয়ে কাল মঙ্গলবার (২৩ জুলাই) জাতীয় শোকের সঙ্গে একযোগে শোক পালন করা হবে এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন উপাচার্য।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক এস এম হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।