সৈয়দ জরুল হক টুটুল, আলফাডাঙ্গা: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা (সালিনাবক্স) এলাকায় খুলনা থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস টুঙ্গিপাড়া এক্সপ্রেস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আজাদুর রহমান জানান, খুলনা থেকে ঢাকাগামী যাত্রীবাহী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ঢাকা মেট্রো-গ-১৫-৯০৩৭ গাড়িটি মুকসুদপুর উপজেলার গেড়াখোলা (সালিনাবক্স) এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং ১৭ জন আহত হন। আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর ১২ জন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন এবং ওসি (তদন্ত) মো. মতিয়ার মোল্লা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম- পরিচয় ও ঠিকানা জানা যায়নি।