মোস্তাফিজার বাবলু, রংপুর ব্যুরো: রংপুরে ‘ডিশ-ইন্টারনেট’ ব্যবসা দখল নিয়ে গুলি করে হত্যার হুমকির ঘটনায় অভিযুক্ত তামজিদুর রশিদ গালিব ও মুরাদ মিথুন সোমবার রাতে গ্রেপ্তার হলেও মঙ্গলবার দুপুরে জামিনে মুক্ত হয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে জামিন প্রদান করেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রাশেদ হোসাইন। পাঁচশ টাকার বন্ডে পিয়ার পর্যন্ত এ জামিন মঞ্জুর করা হয়।
এর আগে,জেলা যুবদলের সদ্য বহিষ্কৃত সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিবকে সোমবার রাতে গ্রেফতার করে র্যাব। সেই সঙ্গে একই রাতে জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মুরাদ মিথুনকেও গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
জানা যায়, ইন্টারনেট অফিসে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের মারধর, ভাঙচুর ও বাসায় গিয়ে হত্যার হুমকির অভিযোগে রোববার রাত সাড়ে ৩টার দিকে নগরীর কোতয়ালি থানায় ক্যাবল ওয়ান ও মায়া সাইবার ওয়ার্ল্ড পৃথক দুটি মামলা দায়ের করে। মামলায় জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব ও যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনুসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়। মামলার বাদী হয়েছেন ক্যাবল ওয়ানের জিএম রায়হান আহম্মেদ পরাগ এবং মায়া সাইবার ওয়ার্ল্ডের সহকারী হিসাব রক্ষক মো. রাসেল।
এজাহার সূত্রে প্রকাশ, মহানগরীর কামাল কাছনা এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে অভিযুক্তরা প্রতিষ্ঠানের লাইন কেটে দেয়। এতে গ্রাহকরা মারাত্মক ভোগান্তির শিকার হয় এবং দুই প্রতিষ্ঠান প্রায় ৭ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছে।
এ ঘটনায় মায়া সাইবার ওয়ার্ল্ডের পপ ম্যানেজার রেবেকা হারুন সংবাদ সম্মেলন করে ঘটনার বিবরণ তুলে ধরেন। এরপর পরিস্থিতি চরম আকার ধারণ করে। রোববার বিকেলে গালিব ও মনুসহ আনুমানিক ১৫-২০ জন ওই প্রতিষ্ঠানের অফিসে ঢুকে স্টাফদের ওপর মারমুখী আচরণ চালায়। এ সময় তামজিদুর রশিদ গালিবের নির্দেশে অন্য আসামিরা অতর্কিত হামলা চালিয়ে মারধর করে এবং অফিসের গুরুত্বপূর্ণ ল্যাপটপ, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জামাদি ভাঙচুর করে এবং কামাল কাছনা এলাকায় আসামি তামজিদুর রশিদ গালীবকে নতুন ফিড অপারেটর হিসেবে নিয়োগ দিতে চাপ দেয়।
এ সময় আকিবুল রহমান মনু প্রতিষ্ঠানটির ম্যানেজার মাহাদী হাসান কাফিকে মোবাইলে হুমকি দেন, ‘তুই আওয়ামী লীগের দালালি করছিস। আজকে বিকেলের মধ্যে যদি সমাধান না করিস তাহলে তোর বেডরুমে গিয়ে বউ-বাচ্চাসহ তোকে গুলি করে আসব।’