লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নে একই দিনে দুটি পৃথক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি ঘটনায় বিয়ের দাবিতে এক তরুণীর অনশন, অপর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে উপস্বাস্থ্য কেন্দ্রের এক মিডওয়াইফকে শোকজ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভোটমারী এলাকায় মোহাম্মদ আলীর ছেলে রিংকু মিয়া (ভোলা)-এর বাড়িতে রংপুর থেকে আসা এক তরুণী বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন। তরুণীর দাবি, রিংকু মিয়ার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্কের ভিত্তিতেই তিনি বিয়ের দাবি জানাচ্ছেন।
ঘটনাটি আরও জটিল আকার ধারণ করেছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর ভাষ্য, একটি প্রভাবশালী চক্র বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে। এদিকে, গুরুতর অভিযোগ রয়েছে যে, অভিযুক্ত যুবকের বাবা ওই তরুণীকে লাঠি দিয়ে আঘাত করেছেন, যা এলাকায় ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে। সচেতন মহল দ্রুত নিরপেক্ষ তদন্ত ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে।
অন্যদিকে, একই ইউনিয়নের উপস্বাস্থ্য কেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে মিডওয়াইফ আরজু আক্তারকে শোকজ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় সাংবাদিক রুবেলের উদ্দিন পাটোয়ারী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীকে কর্মস্থলে অনুপস্থিত দেখা যায়। ভিডিওটি প্রকাশের দুই ঘণ্টার মধ্যেই বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলি রাজিব বলেন, “সরকারি দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। কেউ অন্যায় করলে তাকে শাস্তির আওতায় আনা হবে।” নার্সিং সুপারভাইজার তৈয়বুন নাহার জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের মতে, গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপস্বাস্থ্য কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এসব প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও দায়িত্বশীলতা বজায় রাখা জরুরি।
দুটি ঘটনাই এলাকাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।