ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে দিনব্যাপী বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন, উন্নয়নমূলক কাজের উদ্বোধন, মতবিনিময় সভা, আর্থিক অনুদান প্রদান, গাছের চারা রোপন ও বিতরণ করেন বিভাগীয় কমিশনার এসএম হুমায়ুন কবির সরকার।
এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০ টায় বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাহাত চৌধুরী। পরে ফুলপুর উপজেলা পরিষদ কার্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফুলপুর থানা, পৌরসভা কার্যালয় ও একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন তিনি। দুপুরে পরিবেশ সুরক্ষায় উপজেলার শ্যামপুর ইউনিট বিলে (জলমহাল) ১০০০ বনজ ও ফলজ বৃক্ষের চারা রোপন ও বিতরণ করেন। এছাড়া ফুলপুর পৌরসভার লাভ চত্ত্বর পরিদর্শন ও বাস- বে'র শুভ উদ্বোধন করেন। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে পৌরসভার অর্থায়নে ফুলপুর হাসপাতালে বরাদ্দকৃত বৈদ্যুতিক জেনারেটর ও ১০টি সিলিং ফ্যান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। সেইসাথে পৌরসভার তৃতীয় লিঙ্গের ১৪ জন সদস্যের মাঝে অত্যাবশ্যকীয় পণ্য ও মানবিক সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, পৌর বিএনপি আহ্বায়ক মোঃ আমিনুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম সিরাজুল হক, কুদরত আলী, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোজ্জাম্মেল হক রুবেল, যুগ্ম আহ্বায়ক একেএম সাদেকুল হক, উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।