• ঢাকা |

ভূমিকম্পে ঢাবি শিক্ষার্থীসহ ১৮ জন ঢামেকে, প্রধান উপদেষ্টার শোকবার্তা


নিউজ প্রকাশের তারিখ : ২১ নভেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক: ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীসহ রাজধানীর বিভিন্ন স্থান থেকে কমপক্ষে ১৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে এক রিকশাচালকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আহত চার শিক্ষার্থী হলেন: ঢাবির জিয়া হলের আরাফাত (২০) ও নুরুল হুদা (২০) এবং মহসিন হলের তানজিল হোসেন (২৬) ও সাদিক শিকদার (২৬)।
এছাড়া, তানভীর (২২), সুবিয়া (১৪), সোহেল (৩৫), হারুনুর রশিদ (৫৬), আবুল খায়ের (৬০), অজ্ঞাতনামা রিকশাচালক (৪০), হারুনুর রশিদ (৫৫), রিপন (২৮), বিল্লাল (৬), ফারজানা তানভীর (২৩), প্রভা (১৮), গালিব (১৮), মধু (৩০) ও সজীব (২২)।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ভূমিকম্পের পর একে একে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ আহত শিক্ষার্থী হাসপাতালে এসেছেন। এছাড়া হাতিরঝিল এলাকার এক রিকশাচালক গুরুতর আহত হয়ে এসেছেন।
তিনি জানান, এখন পর্যন্ত মোট ১৮ জন হাসপাতালটির জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে হাসপাতাল সংশ্লিষ্টরা।

ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধসে এবং অন্যান্য দুর্ঘটনায় হতাহতের খবরে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

ইতোমধ্যে এক শিশুসহ কমপক্ষে পাঁচজনের মৃত্যু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গাজীপুরে কারখানা শ্রমিক ও ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে একশর কাছাকাছি ব্যক্তি আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।

এদিকে, প্রধান উপদেষ্টা এক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে ক্ষতিগ্রস্ত স্থানে উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন।

প্রধান উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, জনগণ ধৈর্য ও সাহস ধরে এই পরিস্থিতি মোকাবেলা করবেন।