• ঢাকা |

ভারতে শ্রম শেষে ফেরার পথে ঠাকুরগাঁও সীমান্তে যুবক আটক


নিউজ প্রকাশের তারিখ : ৮ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ব্যুরো অফিস, রংপুর: ভারত থেকে কাজ শেষ করে দেশে ফিরতে গিয়ে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তে সোহাগ আলী (২৫) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে সীমান্তের মেইন পিলার ১৬১/১ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সোহাগ আলী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের ফতেহপুর গ্রামের, জাহাঙ্গীর আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ আলী ভারতে শ্রমিকের কাজ শেষে ভোর রাতে সীমান্ত পেরিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। ভারতের খোচাবাড়ি ক্যাম্পের একটি বিএসএফ টহল দল তাকে দেখে আটক করে নিয়ে যায়। এলাকাটি বাংলাদেশের বুজরুক বিজিবি ক্যাম্পের দায়িত্বাধীন।

সোহাগের পরিবার দাবি করেছেন, তিনি কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা চোরাচালানে জড়িত নন। তার বাবা, জাহাঙ্গীর আলম, জানিয়েছেন, তিনি ছেলেকে দ্রুত ফিরে পেতে বিজিবি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

সীমান্তে যুবকের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট তানজির আহমেদ জানান, বিষয়টি সম্পর্কে অবগত আছেন এবং তা নিয়ে কাজ করা হচ্ছে।