তিনি বলেন, ৭ নভেম্বর সংঘটিত হওয়ার পেছনে অনেক কারণ ছিল। ১৫ আগস্টের পটপরিবর্তনের পর দেশ একটি দোদুল্যমান অবস্থায় ছিল। পরে খন্দকার মোশতাককে কয়েকজন জুনিয়র সেনা কর্মকর্তা দেশ পরিচালনার দায়িত্ব দেন। এ নিয়ে সেনাবাহিনীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। সেনাবাহিনীতে রাজনৈতিক বিভাজন ছিল। সেখানে আওয়ামী লীগপন্থী, বামপন্থী জাসদপন্থী এবং একটি ক্ষুদ্র ইসলামপন্থী গ্রুপও ছিল। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সেনাবাহিনীর যেসব কর্মকর্তা সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন, তাঁদের মধ্যে শহীদ জিয়াউর রহমান ছিলেন অন্যতম চৌকস। তিনি পাকিস্তানের বিরুদ্ধে ‘উই রিভোল্ট’ ঘোষণা করে বিদ্রোহের মাধ্যমে বেরিয়ে এসে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধের পর আমরা যে সরকার পেয়েছিলাম, সেই সরকার ক্ষমতায় এসে দেশে অরাজকতা সৃষ্টি করেছিল। আইনের শাসন বলতে কিছু ছিল না। সর্বত্র ছিল স্বজনপ্রীতি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এতটাই অবনতি হয়েছিল যে, তখনকার নেতা, যাঁকে বাংলাদেশের মানুষ ভালোবেসেছিল এবং যার ওপর আস্থা রেখেছিল, তিনি মুক্তিযুদ্ধের সময় অনুপস্থিত থাকলেও মানুষ তাঁকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল। কিন্তু যখন তিনি বাকশাল কায়েম করলেন এবং মাত্র চারটি পত্রিকা রেখে বাকি সব বন্ধ করে দিলেন, তখন মানুষের মতপ্রকাশের স্বাধীনতা রুদ্ধ হয়ে যায়। এর ফলেই বিস্ফোরণ ঘটে। ২০২৪ সালের ২৪ জুলাই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, শেখ হাসিনার আমলেও ঠিক একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। এর পরিণতিতেই সেই বিস্ফোরণ ঘটেছিল।
জ্বালানিমন্ত্রী টুকু বলেন, শহীদ জিয়াউর রহমান সাড়ে তিন বছর ক্ষমতায় ছিলেন। এই সময়ের মধ্যেই তিনি দেশের উন্নয়নের ভিত্তি গড়ে দিয়েছিলেন। তিনি মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করতেন। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল জিয়াউর রহমানের গড়া। মুক্তিযুদ্ধকে পুঁজি করে ফ্যাসিস্ট সরকার নাতি-পুতিদের চাকরি দিতে গিয়ে মুক্তিযুদ্ধকেই প্রশ্নবিদ্ধ করেছে। পয়সা দিলেই সম্মান হয় না, ভাতা দিলেই সম্মান হয় না। সম্মান আসে মুক্তিযোদ্ধাদের ভূমিকার যথাযথ স্বীকৃতি দেওয়ার মাধ্যমে। এখন তরুণ প্রজন্মের অনেকেই মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করে না।
তিনি আরও বলেন, এ কারণেই সেনাবাহিনী ও সাধারণ মানুষের কাছে জিয়াউর রহমান জনপ্রিয় ছিলেন। ৭ নভেম্বরকে আওয়ামী লীগ সিপাহি হত্যা দিবস বলে আখ্যায়িত করে। তাদের কারণেই তো সিপাহিদের হত্যা করা হয়েছিল। তারা যেভাবে মানুষ হত্যা করেছিল, ৪০ হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করেছিল, তা ইতিহাসের অংশ। ওই দিন সিপাহিরা বিদ্রোহ না করলে এবং জনগণকে সঙ্গে নিয়ে বন্দিদশা থেকে জিয়াউর রহমানকে মুক্ত করে না আনলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান হয়তো ভিন্ন রকম হতো।
মন্ত্রী আরও বলেন, জিয়াউর রহমান ছিলেন অত্যন্ত সাহসী। সাহসী ছিলেন বলেই পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ছোট একটি সেনাদল নিয়ে চট্টগ্রাম সেনানিবাস থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন। তাঁর সাহসিকতার আরও অনেক প্রমাণ রয়েছে।
জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম শাহীন, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুহীদুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এবং জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল প্রমুখ।
এ সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।