বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শাখা ছাত্রদল সহ-সভাপতি তুহিন রানা হিজাব পড়া জামায়াতের নারী কর্মীদের ‘ভূত’ বলার কটাক্ষ করার প্রতিবাদে মানববন্ধন করেছে বেরোবি শিক্ষার্থী পরিষদের শিক্ষার্থীরা।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা অভিযুক্ত ছাত্রদল নেতাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মিমি বলেন, সবচেয়ে লজ্জার বিষয় হচ্ছে, আমাদের ক্যাম্পাসের ছাত্রদল নেতা নারীদের পর্দাকে ভূতের সঙ্গে তুলনা করেছেন। একজন সচেতন নারী শিক্ষার্থী হিসেবে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এছাড়া সারাদেশে নির্বাচনি প্রচারণায় নারীদের হেনস্তার ঘটনায় আমরা শঙ্কিত।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হালিমা বরনি বলেন, একজন বেরোবি শিক্ষার্থী নারীদের হিজাব ও নিকাবকে ভূতের সঙ্গে তুলনা করেছেন। আমরা শিক্ষার্থীরা তুহিন রানাকে বলছি, যেন তিনি প্রকাশ্যে ক্ষমা চায়।
শিবলী সাদিক নামের আরেক শিক্ষার্থী বলেন, হিজাব-নিকাব মুসলিম নারীদের জন্য ফরজ বিধান। কিন্তু বেরোবির ছাত্রদল শাখার সহ-সভাপতি এই হিজাব-নিকাবকে ‘ভূত’ হিসেবে তুলনা করেছেন। আমরা তার বিচার দাবি করছি।