• ঢাকা |

সৌদি দূতাবাস ও মুসলিম ওয়ার্ল্ড লীগের পক্ষ থেকে রোহিঙ্গা ও সুবিধাবঞ্চিতদের জন্য ‘ঈদ কোরবানি’ বিতরণ কর্মসূচি


নিউজ প্রকাশের তারিখ : ১৯ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

কূটনৈতিক প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রোহিঙ্গা শরণার্থী ও দেশের সুবিধাবঞ্চিত পরিবারগুলোর পাশে দাঁড়াতে বাংলাদেশে ‘ঈদ কোরবানি’ মাংস বিতরণ কর্মসূচি চালু করেছে ঢাকাস্থ সৌদি দূতাবাস ও মুসলিম ওয়ার্ল্ড লীগ (এমডব্লিউএল)।  

ঢাকাস্থ রয়্যাল সৌদি আরব দূতাবাস এবং মুসলিম ওয়ার্ল্ড লীগের যৌথ উদ্যোগে ১৪৪৭ হিজরি/২০২৬ সালের এই কর্মসূচির ঘোষণা প্রদান করেন মুসলিম ওয়ার্ল্ড লীগের বাংলাদেশ অফিস। মঙ্লবার, ১৯ মে ২০২৬ তারিখে এ ঘোষণা আসে।  

কক্সবাজারসহ দেশের একাধিক অঞ্চলে বিতরণ: কর্মসূচির আওতায় কোরবানির মাংস বিতরণ করা হবে দেশের কয়েকটি অঞ্চলে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোকে। ঈদুল আজহার পবিত্র মুহূর্তে হাজারো মানুষের মুখে হাসি ফোটানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।  

প্রায় ৫ লাখ সৌদি রিয়াল ব্যয়ের এই প্রকল্পে বাংলাদেশজুড়ে প্রায় ৪৫,৬০০ জন উপকৃত হবেন বলে জানানো হয়েছে।  

সৌদি প্রতিনিধি দল আসছেন ২৬ মে:

বিতরণ প্রক্রিয়া তদারকির জন্য মুসলিম ওয়ার্ল্ড লীগের ম্যানেজার তুর্কি আলমাজদুই, প্রতিনিধি আবদুল্লাহ আল-জাহরানি এবং আলা ওদেহ আগামী ২৬ মে ২০২৬ ঢাকায় পৌঁছাবেন। তারা মাঠপর্যায়ে গিয়ে নিশ্চিত করবেন যাতে সহায়তা স্বচ্ছভাবে ও সুষ্ঠুভাবে সুবিধাভোগীদের কাছে পৌঁছায়।  

মানবিক অঙ্গীকারের প্রতিফলন: আয়োজকদের ভাষ্য, এই উদ্যোগ সৌদি আরবের ধারাবাহিক মানবিক প্রতিশ্রুতি এবং মুসলিম ওয়ার্ল্ড লীগের দুর্বল ও অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর প্রচেষ্টার প্রতিফলন। এর মাধ্যমে সংহতি জোরদার, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার মূল্যবোধকে উৎসাহিত করা হচ্ছে।  

মুসলিম ওয়ার্ল্ড লীগের বাংলাদেশ অফিস সৌদি কর্তৃপক্ষ ও স্থানীয় অংশীদারদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তাদের সহায়তায় কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন সম্ভব হয়েছে বলে জানানো হয়।  

উল্লেখ্য, ঈদুল আজহা বা কোরবানির ঈদে সামর্থ্যবান মুসলিমরা পশু কোরবানির মাধ্যমে এর অংশবিশেষ গরিব-দুঃখী মানুষের মাঝে বিতরণ করে থাকেন।