• ঢাকা |

বাউফলে মা ইলিশ সংরক্ষণে প্রশাসনের অভিযান


নিউজ প্রকাশের তারিখ : ৭ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

অন্তু হাওলাদার (বাউফল) পটুয়াখালী:  পটুয়াখালী  জেলার বাউফলে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস অধিদপ্তর। 

৪ অক্টোবর (শনিবার) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বাউফলের তেতুলিয়া নদীতে এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসনের দেয়া তথ্যমতে,  আজ সকালে ইলিশ পরিবহনের দায়ে চার জনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনাকালে বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, “৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে এবং নদীতে সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ থাকবে। এটি সরকারি নির্দেশনা। সবাইকে তা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।”

 
তিনি আরো জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ২২ দিনের বিশেষ অভিযান পরিচালিত হবে। এই সময় ইলিশ আহরণ, পরিবহন, বিপণন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় এবং বিনিময় নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।

ইউএনও বলেন, আইন অমান্যকারীদের শাস্তি কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড, অথবা সর্বোচ্চ ৫,০০০ টাকা জরিমানা, অথবা উভয় দণ্ড হতে পারে বলে অবহিত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সোহাগ হাসান মিলু, বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তারুজ্জামান সরকার, উপজেলা উপ-কৃষি কর্মকর্তা রেদোয়ান উদ্দিন তালুকদার জুনিয়রসহ গণমাধ্যমকর্মীরা।

উল্লেখ্য, ইলিশ সম্পদ সংরক্ষণে প্রতিবছরের ন্যায় এ বছরও ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ০৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী সারাদেশে “মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫” পালিত হচ্ছে।

এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। পাশাপাশি সামুদ্রিক মৎস্য আহরণ এলাকায় সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক ইলিশসহ সকল প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।