জাকির হোসেন,নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জেলা, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্যদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে ২০২৬) সকাল ৭টায় ডাক দিয়ে যাই অডিটোরিয়ামে সদস্য শিক্ষা শিবির আয়োজন করা হয়, যেখানে জেলা, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্যদের উপস্থিতিতে পুরো পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মোয়াযযম হোসাইন হেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর জহির উদ্দিন মোহাম্মদ বাবর। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাযী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা জামায়াতের আমীর তাফাজ্জল হোসাইন ফরিদ এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মুহাম্মদ জহিরুল হক।
প্রধান অতিথির বক্তব্যে মোয়াযযম হোসাইন হেলাল দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে মতামত দিয়েছে। কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি জনগণের সেই প্রত্যাশার যথাযথ প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, বিএনপি সরকার জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন করে চলছে। যা দেশের গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করছে।
তিনি সরকারের প্রতি ‘জুলাই সনদ’ বাস্তবায়নের জোর দাবি জানিয়ে বলেন, এটি বাস্তবায়িত হলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের অধিকার নিশ্চিত হবে।