নিজস্ব প্রতিবেদক: মানবসেবা ও শান্তির প্রতীক মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হলো "মানবতার কল্যাণে মহিয়সী নারী মাদার তেরেসা" শীর্ষক আলোচনা সভা ও মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান অনুষ্ঠান।
১৫ আগস্ট ২০২৬, শনিবার রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এই আয়োজন করে মাদার তেরেসা রিসার্চ কাউন্সিল।
অনুষ্ঠানে "বেকারমুক্ত ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রবর্তক" হিসেবে সম্মাননা অ্যাওয়ার্ড পেয়েছেন গণঅধিকার পার্টি পিআরপির চেয়ারম্যান সরদার মোঃ আব্দুস সাত্তার। মাদার তেরেসার আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজের বেকারত্ব দূরীকরণ ও দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থানের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি, বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী। প্রধান আলোচক ছিলেন সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান এনডিসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মোঃ জাকির হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মোরশেদুল আলম, জাতীয় দৈনিক বাঙালির কণ্ঠের সম্পাদক ও প্রকাশক ড. মেহেরুন নিসা মেহেরিন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের সিনিয়র সহ-সভাপতি এম. গফুর উদ্দিন চৌধুরী এবং কর্ডোভা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাব্বির উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদার তেরেসা রিসার্চ কাউন্সিলের উপদেষ্টা ড. এ.টি.এম মমতাজুল করিম।
আলোচনা সভায় বক্তারা মাদার তেরেসার মানবসেবার আদর্শকে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে তুলে ধরেন। তারা বলেন, বেকারত্ব ও দুর্নীতি দূর করে একটি মানবিক সমাজ গঠনেই মাদার তেরেসার প্রকৃত সম্মান নিহিত। এই লক্ষ্যে যারা কাজ করে যাচ্ছেন তাদের স্বীকৃতি দেওয়ার জন্যই এই অ্যাওয়ার্ডের আয়োজন।
অনুষ্ঠানের শেষে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা।
মাদার তেরেসা রিসার্চ কাউন্সিলের মহাসচিব এম. এইচ আরমান চৌধুরী অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে সকলকে ধন্যবাদ জানান এবং মানবতার কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান।