• ঢাকা |

আন্তঃবিশ্ববিদ্যালয় সম্প্রীতিতে প্রাণের সঞ্চার আইড্যাব ফুটসাল ফেস্টে


নিউজ প্রকাশের তারিখ : ১৬ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: তরুণদের ক্রীড়াচর্চা, সুস্থ বিনোদন ও আন্তঃবিশ্ববিদ্যালয় সম্প্রীতির আবহে উৎসবমুখর পরিবেশে শেষ হলো ‘আইড্যাব ফুটসাল ফেস্ট ২০২৬’। প্রাণবন্ত প্রতিদ্বন্দ্বিতা আর দর্শকদের উচ্ছ্বাসে মুখর এই আয়োজনে চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)। রানার্সআপ হয়েছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি।

শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. একেএম অলি উল্যা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. অলি উল্যা বলেন, ঘনবসতিপূর্ণ বাংলাদেশের বাস্তবতায় ফুটসাল হতে পারে তরুণদের জন্য সময়োপযোগী ও কার্যকর ক্রীড়া মাধ্যম। বিশেষ করে ঢাকা শহরে খেলার মাঠের সংকট থাকলেও সীমিত পরিসরে ফুটসাল আয়োজন সম্ভব। ফলে তরুণদের শরীরচর্চা ও মানসিক বিকাশে এই খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যারিংটনের ব্যবস্থাপনা পরিচালক শরফুদ্দিন ইকবাল, আইড্যাবের সাবেক সভাপতি শফিউল ইসলাম বাবু, হ্যারিংটনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বাসমা কাজী এবং ক্রিয়েটিভ ডিরেক্টর একেএম নুরুল হক সুমন।

শফিউল ইসলাম বাবু বলেন, সুস্বাস্থ্য ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। তিনি প্রতিযোগিতায় অংশ নেওয়া সব দলকে অভিনন্দন জানান এবং এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইড্যাব) প্রেসিডেন্ট সৈয়দ কামরুল আহসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিয়াজুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়াসিম শিকদার, এনামুল হক, সুমন প্রামাণিক, শরিফুল ইসলাম, স্থপতি ইসমাইল পারভেজ, রাশেদ মাজহার এবং ইন্টেরিয়র ডিজাইনার আবদুর রহিম সরকারসহ বিভিন্ন অঙ্গনের অতিথিরা।

প্রতিযোগিতায় অংশ নেয় সাউথ ইস্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, খুলনা ইউনিভার্সিটি, অল ইউনিভার্সিটি, এ ইউ এসটি টাইটানস ও এওএসটি ফ্যালকন (আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দল।