• ঢাকা |

লালমনিরহাটে বন্যার্ত মানুষের পাশে বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু


নিউজ প্রকাশের তারিখ : ৬ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

 লালমনিরহাট সংবাদদাতা: তিস্তার বন্যায় বিপর্যস্ত লালমনিরহাটের পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
সোমবার বিকেল ৫টার দিকে তিনি নৌকা যোগে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন এবং দুর্গত পরিবারের খোঁজ-খবর নেন। এ সময় তিনি প্রায় পাঁচ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ ও শুকনো খাবার বিতরণ করেন।
ত্রাণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক ও এবিএম ফারুক সিদ্দিকী, জেলা সাংগঠনিক সম্পাদক পাটোয়ারী সাজু, রাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবার রহমান লিটন, সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির সরকার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ত্রাণ বিতরণ শেষে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তার বন্যায় মানুষ আজ চরম দুর্ভোগে পড়েছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। বিএনপি সবসময় জনগণের পাশে দুর্যোগে ছিল, আছে এবং থাকবে।
তিনি আরও বলেন, প্রকৃতির সামনে মানুষ কতটা অসহায় এই বন্যা তা স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে। ক্ষয়ক্ষতি কমাতে সরকার, সমাজের বিত্তবান ও রাজনৈতিক দলগুলো একযোগে কাজ করলে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব।
দুলু আশ্বাস দেন, বিএনপি পক্ষ থেকে এবং ব্যক্তিগত উদ্যোগে এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন,
কেউ যেন অনাহারে না থাকে এবং চিকিৎসা থেকে বঞ্চিত না হয় সেজন্য দলীয়ভাবে সব ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লক্ষ্য, সব বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানো।
উল্লেখ্য, গত কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাট জেলার সদর, হাতীবান্ধা, পাটগ্রাম, আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শত শত ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে—চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ।