• ঢাকা |

নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতি: ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স


নিউজ প্রকাশের তারিখ : ২২ নভেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ডেস্ক রিপোর্ট: দেশের নির্মাণশিল্প ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ নয়জন বিশিষ্ট প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিয়েছে আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ রেডিমিক্স কংক্রিট লিমিটেড। একই অনুষ্ঠানে গুণগত মান, পরিবেশ সুরক্ষা, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা এবং ব্যবস্থাপনাগত উৎকর্ষের স্বীকৃতি হিসেবে আকিজ রিসোর্সের দুটি প্রতিষ্ঠান আন্তর্জাতিক মান সংস্থার আইএসও সনদ অর্জন করেছে।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত ‘করপোরেট নাইট ২০২৬’-এ এসব সম্মাননা ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘দ্য আর্ট অব কংক্রিট’।

সম্মাননাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক ড. এম. শামীম জেড বসুনিয়া, বিভাগের প্রধান অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সাবেক প্রধান সমন্বয়ক মেজর জেনারেল (অব.) আবু সাঈদ মো. মাসুদ, বুয়েটের সাবেক অধ্যাপক ড. সৈয়দ ফখরম্নল আমিন এবং অধ্যাপক ড. খান মাহমুদ আমানত।

এ ছাড়া সম্মাননা পেয়েছেন বুয়েটের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ও অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহযোগী অধ্যাপক ও ফাল্গুনী মল্লিক অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রধান স্থপতি ফাল্গুনী মল্লিক।

 

অনুষ্ঠানের আরেকটি উল্লেখযোগ্য অর্জন ছিল আকিজ গ্রুপের দুটি প্রতিষ্ঠানের আন্তর্জাতিক মান ব্যবস্থাপনার স্বীকৃতি। টিইউভি অস্ট্রিয়া আকিজ রেডিমিক্স কংক্রিট লিমিটেডকে এবং জিএসসিএস সার্টিফিকেশন বডি আকিজ বিল্ডিং সলিউশনস লিমিটেডকে ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেমের (আইএমএস) আওতায় আইএসও সনদ হস্তান্তর করে।

 

সংশ্লিষ্টদের মতে, নির্মাণশিল্পে মানসম্মত উপকরণ উৎপাদন, পরিবেশ সুরক্ষা এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এ ধরনের আন্তর্জাতিক সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে অবকাঠামো ও আবাসন খাতে নির্মাণসামগ্রীর গুণগত মান নিশ্চিত করা স্থাপনার স্থায়িত্ব ও মানুষের নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত।

 

অনুষ্ঠানে আকিজ বিল্ডিং সলিউশনস লিমিটেডের ক্লাস্টার সিইও আসাদুল হক সুফিয়ানী বলেন, দেশের নির্মাণশিল্প ও অবকাঠামো উন্নয়নে প্রকৌশলী, স্থপতি, নির্মাণসংশ্লিষ্ট পেশাজীবী এবং মানসম্মত নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

তিনি বলেন, আকিজের লক্ষ্য শুধু নির্মাণসামগ্রী সরবরাহ করা নয়; আধুনিক প্রযুক্তি, মানসম্মত উপকরণ ও নির্ভরযোগ্য সেবার মাধ্যমে গ্রাহকদের কার্যকর নির্মাণ সমাধান দেওয়া। নয়জন প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা প্রদান তাঁদের পেশাগত অবদান এবং দেশের উন্নয়নে ভূমিকার প্রতি প্রতিষ্ঠানের শ্রদ্ধার বহিঃপ্রকাশ।

 

আস্থা, দক্ষতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আকিজ রেডিমিক্স ভবিষ্যতে আরও এগিয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, দেশের নির্মাণশিল্পে গুণগত মান ও আস্থার প্রতীক হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে চায় প্রতিষ্ঠানটি।

 

আকিজ রেডিমিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, কংক্রিট কেবল একটি নির্মাণসামগ্রী নয়, বরং প্রতিটি স্থাপনার স্থায়িত্ব, নিরাপত্তা ও নির্ভরযোগ্যতার অন্যতম ভিত্তি। মানসম্মত কংক্রিট উৎপাদনের জন্য সঠিক উপাদান নির্বাচন, নির্ভুল অনুপাত, আধুনিক প্রযুক্তি এবং কঠোর গুণগত মান নিয়ন্ত্রণ অপরিহার্য। আকিজ রেডিমিক্স এসব বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

 

অনুষ্ঠানে আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মো. আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ডেপুটি চিফ অপারেটিং অফিসার সোহানুর রহমান সোহান, ক্লাস্টার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (বিল্ডিং ম্যাটেরিয়ালস) মো. মোস্তাক আহমেদ এবং আকিজ রেডিমিক্সের হেড অব সেলস মো. জাহিদ হাসান উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রতিষ্ঠানের গ্রাহক, প্রকৌশলী, স্থপতি ও নির্মাণশিল্পসংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের পেশাজীবীরা অনুষ্ঠানে অংশ নেন।

 

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, আকিজ রেডিমিক্সের অর্জন ও সাফল্য উদযাপন, করপোরেট গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং নির্মাণশিল্পের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও জোরদার করাই ছিল ‘করপোরেট নাইট ২০২৬’-এর মূল উদ্দেশ্য।

দেশে দ্রুত নগরায়ণ, আবাসন চাহিদা বৃদ্ধি এবং বড় বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের প্রেক্ষাপটে নির্মাণসামগ্রীর গুণগত মান ও স্থাপনার নিরাপত্তা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এ বাস্তবতায় প্রকৌশলী ও স্থপতিদের পেশাগত অবদানের স্বীকৃতি এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের উদ্যোগ দেশের নির্মাণশিল্পে মানসম্মত ও টেকসই উন্নয়নের গুরুত্বকে নতুন করে সামনে এনেছে।