• ঢাকা |

বিসিকের সঙ্গে মাভাবিপ্রবির সমঝোতা স্মারক স্বাক্ষর


নিউজ প্রকাশের তারিখ : ২১ নভেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মৃণাল কান্তি রায়, টাঙ্গাইল: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সঙ্গে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, ঋণ সহায়তা ও শিল্প প্লট বরাদ্দসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

শনিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের ১২ তলার সম্মেলনকক্ষে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটো, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রবিউল ইসলাম লিটন, বিসিকের পরিচালক (প্রশাসন) মুহম্মদ কামরুজ্জামান, পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) মো. সহীদুজ্জামান এবং বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মো. ফরহাদ আহম্মেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু ও জেলা ছাত্রদলের সদস্যসচিব এম এ বাতেন।

সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠান যৌথ প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ তৈরি, উদ্যোক্তা উন্নয়ন এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা জোরদারে কাজ করবে।

এদিকে, সমঝোতা স্মারক স্বাক্ষরের পর বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের (বিটিআই) শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদ এবং বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের যৌথ উদ্যোগে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের প্রথম ধাপের উদ্বোধন করা হয়। এতে প্রথম পর্যায়ে ৩০ জন শিক্ষার্থী প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন।

প্রশিক্ষণ কোর্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বিসিকের শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদের প্রধান অনুষদ সদস্য মোহাম্মদ আজাদ হোসেন। কোর্স সমন্বয়কারী হিসেবে রয়েছেন একই অনুষদের সহকারী অনুষদ সদস্য জোনায়েত হোসেন। ২১ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।