• ঢাকা |

ঢাকা-১৫ আসনে মসজিদ কমিটি, বাড়ির মালিক ও মন্দির নেতাদের সঙ্গে শফিকুর রহমানের মতবিনিময়


নিউজ প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি ঢাকা-১৫ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন। স্থানীয় নাগরিকদের প্রত্যাশা, এলাকার বিভিন্ন সমস্যা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব নিয়ে এসব মতবিনিময় অনুষ্ঠিত হয়।
শনিবার (১৭ অক্টোবর) ঢাকা-১৫ আসনের বিভিন্ন এলাকায় মসজিদ কমিটির নেতৃবৃন্দ, বাড়ির মালিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নেতাদের সঙ্গে তিনি আলোচনা করেন।
মতবিনিময়ের অংশ হিসেবে ডা. শফিকুর রহমান আসনের ৪ নম্বর ওয়ার্ডের বাইতুর রেজা মসজিদ কমিটির নেতাদের সঙ্গে কথা বলেন। এ সময় বাইশটেকি ও ইমামনগর এলাকার বিভিন্ন বাড়ির মালিকদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।
এ ছাড়া ১৬ নম্বর ওয়ার্ডের উত্তর কাফরুল মসজিদ কমিটির সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন বিরোধীদলীয় নেতা। দক্ষিণ কাফরুলের মৌলভীপাড়া এলাকার বাড়ির মালিক ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও তিনি মতবিনিময় করেন।
দুর্গাপূজা উপলক্ষে মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নেতৃবৃন্দের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন ডা. শফিকুর রহমান। এ সময় পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সামাজিক সহাবস্থানের গুরুত্ব আলোচনায় স্থান পায়।
মতবিনিময় সভাগুলোতে স্থানীয় এলাকার বিভিন্ন বিষয়, নাগরিকদের প্রত্যাশা এবং এলাকার মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।
এসব কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, ঢাকা-১৫ আসনের সদস্যসচিব শাহ আলম তুহিন, কাফরুল দক্ষিণ থানা আমির আনোয়ারুল করিম, কাফরুল উত্তর থানা আমির রেজাউল করিম, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান খান, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আইয়ুব আলী, কাফরুল দক্ষিণ থানা সেক্রেটারি আবু নাহিদ এবং কাফরুল উত্তর থানা সেক্রেটারি আশিকুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।