গভীর রাতে মুখোশধারীদের হামলা, সিসিটিভিতে ধরা পড়ে ঘটনা
ডেস্ক রিপোর্ট: রাজধানীর বিজয়নগরে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাত আনুমানিক ৪টার দিকে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত অটোরিকশায় এসে এ হামলা চালায়। এতে গাড়িটির একাংশ পুড়ে গেছে। তবে দ্রুত আগুন নেভানো সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবি পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব। দলটির নেতারা এ ঘটনাকে রাজনৈতিক অসহিষ্ণুতা, ভীতি প্রদর্শন এবং গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত হিসেবে অভিহিত করেছেন। তাঁদের অভিযোগ, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এ ধরনের আগুন-সন্ত্রাস চালাচ্ছে। তাঁদের ভাষায়, আগুন-সন্ত্রাস করে ফ্যাসিবাদীরা আরও বেশি জনবিচ্ছিন্ন হচ্ছে।
বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এ নিন্দা জানান।
বিবৃতিতে ঘটনার বিবরণ দিয়ে বলা হয়, ভোররাতে মুখে মাস্ক পরা কয়েকজন ব্যক্তি অটোরিকশায় করে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসে। এ সময় অটোরিকশাটি চলন্ত অবস্থায় থামিয়ে দুর্বৃত্তরা চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে বোতলে থাকা দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলতে শুরু করলে তারা দ্রুত অটোরিকশায় করে ঘটনাস্থল ত্যাগ করে।
এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নৈশপ্রহীরা সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত আগুন নেভানোর উদ্যোগ নেন। তাঁদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এরই মধ্যে গাড়িটির একাংশ পুড়ে যায়।
যৌথ বিবৃতিতে দুই নেতা বলেন, একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে গভীর রাতে এভাবে অগ্নিসংযোগের চেষ্টা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি রাজনৈতিক অসহিষ্ণুতা, ভীতি প্রদর্শন এবং গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের ওপর সরাসরি আঘাত। এ ধরনের কাপুরুষোচিত হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এবি পার্টিকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না।
তাঁরা আরও বলেন, আগুন-সন্ত্রাস, হামলা কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কোনো রাজনৈতিক শক্তিকে দমিয়ে রাখার অপচেষ্টা গ্রহণযোগ্য নয়। পতিত ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। কিন্তু এসব অপতৎপরতা তাদের আরও বেশি জনবিচ্ছিন্ন করে তুলছে।
দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তাঁরা।
একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, কেন্দ্রীয় কার্যালয়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন এবি পার্টির এই দুই নেতা।
রাজধানীর একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এমন অগ্নিসংযোগের ঘটনা রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনা এখন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ বিষয়।