• ঢাকা |

খানসামায় নির্বাচনী প্রচারে আখতারুজ্জামানের পথসভা


নিউজ প্রকাশের তারিখ : ৫ নভেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

মোঃ রাশেদুল ইসলাম, খানসামা: দিনাজপুর-৪ (খানসামাচিরিরবন্দর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া। নির্বাচনি পরিবেশ জমে উঠতে শুরু করলেও তিনি প্রচারণায় রাখছেন ঘনিষ্ঠতা, দেখাচ্ছেন মাঠের রাজনীতির পুরোনো ছাপ। দিনব্যাপী খানসামা উপজেলার আংগারপাড়া ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করেন তিনি। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময় করেন। স্থানীয় বাজার, রাস্তার মোড়, চাস্টল ও ঘরে ঘরে গিয়ে তিনি ভোটারদের খোঁজ খবর নেন এবং আগামীর পরিকল্পনা তুলে ধরেন। উঠান বৈঠকে আখতারুজ্জামান মিয়া বলেন, “এ এলাকার মানুষ আমাকে তাদের ভালোবাসা ও বিশ্বাস দিয়ে বহুদিন ধরে পাশে রেখেছেন। আমি জনগণের প্রত্যাশা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করছি এবং করে যাব। উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়াই আমাদের লক্ষ্য।” গণসংযোগে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন মাঠে থাকা রাজনীতিক হিসেবে তিনি সবসময় জনগণের সুখ-দুঃখে সহযোগিতা করেন। অনেকেই তাকে আবারও এলাকায় উন্নয়ন ও শান্তি ফিরিয়ে আনার আশ্বাস দাতা হিসেবে দেখছেন। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ এবং উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরেই দিনাজপুর-৪ আসন বিএনপির গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত। আখতারুজ্জামান মিয়ার মাঠপর্যায়ের এই সক্রিয়তা বিএনপির তৃণমূল সংগঠনকে আরও চাঙ্গা করে তুলবে বলে মনে করছেন তারা।