এস এম মোতাহিরুল হক শাহিন, তালা: সাতক্ষীরার তালা উপজেলায় কর্মরত সরকারী দপ্তরের অধিকাংশ প্রধান কর্মকর্তা সরকারের কোনো নির্দেশনা মানেন না। সরকারী পরিপত্র অনুযায়ী প্রতিটি কর্মদিবসে সকাল ৯ টায় অফিসে এসে ৪০ মিনিট অফিসে অবস্থানের নির্দেশনা থাকলেও অধিকাংশ কর্মকর্তা মানেন না।
বুধবার (১ এপ্রিল) সকাল ৯ টায় সরেজমিন পরিদর্শনে এমনই চিত্র ফুঁটে উঠেছে সাংবাদিকদের ক্যামেরায়।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, উপজেলা হিসাব রক্ষণ অফিসে কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা গাজী মাজহারুল আনোয়ার, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের ইঞ্জিনিয়ার রথীন্দ্র নাথ হালদার,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা কৌশিক রায় কে অফিসে পাওয়া যায়নি। এসকল অফিসের অফিস সহকারীদের কাছে জানতে চাইলে তারা কেউ বলেন, স্যার ফিল্ডে, কেউ বলেন, স্যার পাশেই আছেন। প্রকৃত ঘটনা হলো এ সকল কর্মকর্তা কেহই অফিসে আসেননি।
একই চিত্র হাসপাতালে দেখা যায়। ঘন্টার পর ঘন্টা রোগীরা রুমের বাহিরে অবস্থান করে। জানতে চাইলে বলে স্যার মিটিং এ বাহিরে আছে,কেহ বলে রাউন্ডে আছে, কেহ বলে স্যারের রুমে আছে ইত্যাদি। রোগী দেখার একটা সময় থাকা প্রয়োজন বলে মনে করে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনেরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এখন তেল নিয়ে সমস্যা হচ্ছে সে কারণে হয়তো দেরিতে আসছে। তবে এই বিষয় নিয়ে তাদের সাথে কথা বলবো। তিনি সাংবাদিকদের কাছে প্রশ্ন রেখে বলেন, এই নির্দেশনা তো আরও ১ মাস পূর্বে চালু হয়েছে আপনারা আজ কেন আসছেন?