• ঢাকা |

আদিতমারীতে ছুরিকাঘাতে তরুণ নিহত, অভিযুক্ত বাবা-ছেলে পলাতক


নিউজ প্রকাশের তারিখ : ৯ জুন, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

কল্লোল আহমেদ, লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে লিয়াকত আলী লাদেন (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। সোমবার (০৮ জুন) রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে উপজেলার সারপুকুর ইউনিয়নের সারপুকুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গফ্ফারের দোকানের পাশে এ ঘটনা ঘটে।

নিহত লাদেন সারপুকুর ইউনিয়নের বালাটারী গ্রামের আশরাফুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে মাগুরার পাড় এলাকার বাসিন্দা জুয়েলের ছোট ছেলের সঙ্গে লাদেনের কথা কাটাকাটি ও গালিগালাজের ঘটনা ঘটে। এক পর্যায়ে লাদেন তাকে একটি থাপ্পড় মারেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসারও চেষ্টা করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের অভিযোগ, সোমবার সন্ধ্যায় লাদেন গফ্ফারের দোকানের সামনে অবস্থান করলে পূর্ব থেকে ওত পেতে থাকা রকি (২৪) ও তার পিতা জুয়েল (৪২) তার ওপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে রকি দেশীয় ধারালো অস্ত্র দিয়ে লাদেনের পিঠে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে অভিযুক্ত বাবা-ছেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় লাদেনকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজন জাহিদুল ইসলাম জাকির জানান, পূর্ব বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটানো হয়েছে। তিনি দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিহতের চাচা ফজলার রহমান ফরিদসহ স্থানীয় বাসিন্দারা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

ঘটনার খবর পেয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ঘটনায় সারপুকুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।