• ঢাকা |

জবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে TEDx ইভেন্ট


নিউজ প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

জবি প্রতিনিধি: বিশ্বব্যাপী নতুন চিন্তা, উদ্ভাবন ও অনুপ্রেরণার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে গড়ে ওঠা TEDx এবার আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)। মূল TED ফাউন্ডেশনের অনুমোদনে আয়োজিত এই স্বাধীন প্ল্যাটফর্মটি স্থানীয় পর্যায়ে “Ideas Worth Spreading” নীতিতে কাজ করে।
TEDx একটি স্বাধীনভাবে পরিচালিত অলাভজনক উদ্যোগ, যা TED ফাউন্ডেশনের অনুমোদনপ্রাপ্ত হলেও কোনো আর্থিক সহায়তা TED থেকে পাওয়া যায় না। আয়োজক দল নিজস্ব উদ্যোগ ও স্পনসরশিপের মাধ্যমে সম্পূর্ণ ইভেন্ট পরিচালনা করে থাকে।
প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই আন্তর্জাতিক মানের আয়োজনটি পরিচালনা করবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্বব্যাপী TEDx ইভেন্টগুলো সামাজিক, সাংস্কৃতিক ও প্রযুক্তিগত অগ্রযাত্রায় নতুন ধারণা ও উদ্ভাবনের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আয়োজকদের মতে, এই আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, উদ্ভাবনী দক্ষতা ও নেতৃত্ব গঠনে সহায়ক ভূমিকা রাখবে।
TEDx Jagannath University অনুষ্ঠিত হবে আগামী ১৩ নভেম্বর, সময় সকাল ১০টা থেকে বিকেল ৬টা, স্থান জহির রায়হান কালচারাল সেন্টার, সূত্রাপুর। এবারের থিম নির্ধারণ করা হয়েছে— “Rewired Perspective”, যার লক্ষ্য নতুন দৃষ্টিভঙ্গিতে চিন্তা ও ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা জাগানো।
ইভেন্টে অংশ নেবেন ১০ থেকে ১২ জন বক্তা, যারা প্রযুক্তি, সামাজিক উদ্যোগ, উদ্যোক্তা, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রে সক্রিয়ভাবে কাজ করছেন। তারা নিজেদের অভিজ্ঞতা, সাফল্যের গল্প এবং চিন্তার দিকগুলো অংশগ্রহণকারীদের সঙ্গে ভাগ করবেন।
TEDx Jagannath University ইতোমধ্যে এক বছরের জন্য আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন অনুমোদন পেয়েছে। এই সময়ের মধ্যে সকল নিয়ম মেনে কার্যক্রম সম্পন্ন করা হবে। ইভেন্টের আয়োজন করছে ২০ জন অর্গানাইজিং মেম্বার ও ৩০ জন ভলান্টিয়ার, আর সার্বিক দিকনির্দেশনায় রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অভিজ্ঞ ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত এডভাইজরি প্যানেল।
আগামী ২৯ অক্টোবর থেকে ক্যাম্পাসে টিকেট বিক্রয়ের বুথ বসানো হবে; পাশাপাশি ওয়েবসাইটের মাধ্যমেও টিকেট কেনা যাবে। টিকেটের দুটি ক্যাটাগরিতে নির্ধারণ করা হয়েছে—
প্রিমিয়াম টিকেট: ১,১৯০ টাকা
জেনারেল টিকেট: ৭৯০ টাকা
অংশগ্রহণকারীদের জন্য থাকবে ইভেন্ট ম্যাগাজিন ও বিশেষ গিফট প্যাক।
ইভেন্টের স্পন্সর ও সহযোগী সংস্থা হিসেবে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ভেন্যু পার্টনার), ATN বাংলা (মিডিয়া পার্টনার) এবং ইনফোগ্রাম (সোশ্যাল মিডিয়া পার্টনার)। আয়োজক দল হিসেবে থাকছে TEDx Jagannath University অর্গানাইজিং কমিটি, কিউরেটর হিসেবে রয়েছে IEEE Jagannath University, Student Branch।
ইভেন্টেে,স্পিকারদের প্রোফাইল, রেজিস্ট্রেশন ফর্ম ও সিডিউল পাওয়া যাবে TEDx Jagannath University-এর অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটে (www.tedxjnu.com)।
আয়োজকরা বলেন, এই আয়োজনের লক্ষ্য তরুণ প্রজন্মের মধ্যে নতুন চিন্তা, ইতিবাচক মনোভাব ও পরিবর্তনের শক্তি জাগিয়ে তোলা, যাতে তারা ভবিষ্যৎ নির্মাণে অনুপ্রেরণা পায়।