• ঢাকা |

বিরোধী দলের কাজ করতে হয় না: নজরুল ইসলাম খান


নিউজ প্রকাশের তারিখ : ২ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, বিরোধী দলের তেমন কোনো কাজ করতে হয় না; তারা সংসদে বক্তব্য দিয়ে বাড়িতে চলে যায়।

শনিবার (২ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোট আয়োজিত “শ্রমিক দিবসের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় সভাপতিত্ব করেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম।

আলোচনায় নজরুল ইসলাম খান আরও বলেন, শ্রমিকদের ওপর নির্যাতনের ইতিহাস নতুন নয়। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় শ্রমিকদের ওপর নির্যাতন চালানো হয়েছে এবং এখনো তা চলমান। তিনি বলেন, এখনও শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না। বাংলাদেশে শ্রমিকদের ৮ ঘণ্টার বেশি কাজ করতে হয়। এক সময় বাংলাদেশ থেকে আসামে শ্রমিক নেওয়া হতো এবং তাদের ওপর নির্মম নির্যাতন চালিয়ে হত্যা করা হতো।

তিনি আরও বলেন, শ্রমিকদের মধ্যে এখনো বিভিন্ন ধরনের গ্রুপিং রয়েছে। তাদের উচিত দলাদলি বন্ধ করে ঐক্যবদ্ধভাবে কাজ করা।

হকারদের উচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন, অবশ্যই তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে উচ্ছেদ করা উচিত। তবে সব সময় বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হয় না। এছাড়া উচ্ছেদের আগে হকারদের একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে।

১২ দলীয় জোটের সহযোগিতা প্রত্যাশা করে তিনি বলেন, আপনারা সরকারকে সহযোগিতা করুন এবং সরকারের সঙ্গে থাকুন। হতাশ না হয়ে কিছুটা সময় দিন। তবে সরকার যদি ভুল করে বা দুর্নীতি করে, অবশ্যই তার প্রতিবাদ করতে হবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন—
আহসান হাবীব লিংকন, মহাসচিব, জাতীয় পার্টি (কাজী জাফর);
মো. শামসুদ্দিন পারভেজ, চেয়ারম্যান, বাংলাদেশ কল্যাণ পার্টি ও সমন্বয়ক, ১২ দলীয় জোট;
এম এ বাশার, চেয়ারম্যান, বাংলাদেশ এলডিপি;
আমিনুল ইসলাম, চেয়ারম্যান, ইউনাইটেড লিবারেল পার্টি;
ফিরোজ মোহাম্মদ লিটন, চেয়ারম্যান, প্রগতিশীল জাতীয়তাবাদী দল;
এম এ মান্নান, সভাপতি, নয়া গণতান্ত্রিক পার্টি;
মোহাম্মদ আবু হানিফ, মহাসচিব, বাংলাদেশ কল্যাণ পার্টি;
অ্যাডভোকেট জাকির হোসেন, মহাসচিব, ন্যাশনাল লেবার পার্টি;
মুফতি জাকির হোসেন, যুগ্ম মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ;
মো. শওকত হোসেন, ভাইস চেয়ারম্যান, ইউনাইটেড লিবারেল পার্টি;
মোহাম্মদ গাজী ওমর ফারুক, ভাইস চেয়ারম্যান, জাতীয় পার্টি (কাজী জাফর);
মোহাম্মদ মাহবুব মোরশেদ হেলাল, ভারপ্রাপ্ত মহাসচিব, বাংলাদেশ এলডিপি;
আহমেদুর রহমান, সেক্রেটারি জেনারেল, পিএনপি;
ডা. ইমরুল কায়েস, মহাসচিব, নয়া গণতান্ত্রিক পার্টি প্রমুখ।