• ঢাকা |

শিক্ষকতার পাশাপাশি ইমাম প্রশিক্ষণ নিয়ে কৃষিতে সফলতার মুখ দেখছেন শরীফ বিল্লাহ


নিউজ প্রকাশের তারিখ : ৭ জুন, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

জাকির হোসেন: পিরোজপুরের জিয়ানগর উপজেলার এক শিক্ষক ও ইমাম আধুনিক কৃষি উদ্যোগের মাধ্যমে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। শিক্ষকতার পাশাপাশি ইমাম প্রশিক্ষণ গ্রহণ করে কৃষিতে যুক্ত হয়ে ইতোমধ্যে আশাব্যঞ্জক ফল পেয়েছেন ৪৬ বছর বয়সী মুহাম্মদ শরীফ বিল্লাহ।

তিনি জিয়ানগর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম চরবলেশ্বর গ্রামের মরহুম মাওলানা তোফায়েল আহমেদের ছেলে। পেশায় তিনি স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক এবং একই এলাকার বায়তুল হামদ জামে মসজিদের ইমাম।

সরেজমিনে দেখা যায়, প্রায় ৫ কাঠা জমিতে তিনি পুইশাক, লাউ, ঢেঁড়শ, করলা, মিষ্টি কুমড়া, বরবটি, পেঁপেসহ বিভিন্ন ধরনের শাক-সবজির চাষ করছেন। এ কাজে সার্বক্ষণিক সহযোগিতা করছেন তার ভাই আরিফ বিল্লাহ।

এছাড়া আরও ৫ কাঠা জমিতে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছেন। মাছের সঠিক পরিচর্যার জন্য নিয়মিত খাবার সরবরাহের পাশাপাশি ডিজিটাল যন্ত্রের মাধ্যমে পানির পিএইচ পরীক্ষা করা হয়। পাশাপাশি তিনি গরু ও মুরগিও পালন করছেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল কুদ্দুস খান বলেন, “শরীফ বিল্লাহ খুব ভালো উদ্যোগ নিয়েছেন। তাকে দেখে এলাকার অনেক মানুষ কৃষির প্রতি আগ্রহী হচ্ছেন। এ ধারা অব্যাহত থাকলে সবাই উপকৃত হবে।”

কৃষক ফজলু বেপারী বলেন, “শরীফ বিল্লাহ আমাদের কৃষি উপকরণ দিয়ে সহযোগিতা করেন। তিনি যে আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করছেন, তা দেখে আমরাও সেই পদ্ধতি অনুসরণ করছি।”

আরেক কৃষক মোশাররফ বেপারী জানান, “আগে আমরা আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে তেমন জানতাম না। এখন তার কাছ থেকে অনেক কিছু শিখছি। গরু মোটাতাজাকরণ পদ্ধতিও তিনি আমাদের শেখাচ্ছেন, যা আমাদের জন্য খুবই উপকারী।”

শরীফ বিল্লাহ বলেন, “একজন ইমামের কৃষিতে সফলতার গল্প পত্রিকায় পড়ে আমি অনুপ্রাণিত হই। এরপর পরীক্ষামূলকভাবে কৃষিকাজ শুরু করি। ইতোমধ্যে ভালো ফল পাচ্ছি। কৃষি ঋণ পেলে কাজের পরিধি আরও বাড়াতে পারব। পাশাপাশি এলাকার কৃষক ও যুবকদেরও আধুনিক কৃষি বিষয়ে পরামর্শ দিচ্ছি, এতে তারাও আগ্রহী হচ্ছেন।”

জিয়ানগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, “উপজেলায় প্রায় ৭ হাজার হেক্টর জমিতে ফসলের আবাদ হয়। বিভিন্ন সময়ে প্রায় এক হাজার প্রান্তিক কৃষককে প্রণোদনা ও বীজ সহায়তা দেওয়া হয়। শরীফ বিল্লাহকে আমরা কৃষি প্রশিক্ষণ ও প্রণোদনা দিয়েছি। তিনি নিয়মিত আমাদের পরামর্শ গ্রহণ করেন। এভাবে এগিয়ে গেলে কৃষি বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ৪৫ দিনের ইমাম প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়ে ১০৩ জন প্রশিক্ষণার্থীর মধ্যে এ-প্লাস অর্জন করে চতুর্থ স্থান লাভ করেন শরীফ বিল্লাহ। এছাড়া তিনি ইসলামিক ফাউন্ডেশনের অধীনে একটি সহজ কুরআন শিক্ষা কেন্দ্রও পরিচালনা করছেন।