• ঢাকা |

হিজাব নিয়ে সংসদে কটাক্ষ ও ধর্ষণের প্রতিবাদে রাজধানীতে শিবিরের বিক্ষোভ


নিউজ প্রকাশের তারিখ : ১৪ জুন, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

এমএম রহমাতুল্লাহ: জাতীয় সংসদে হিজাব, নিকাব ও পর্দা নিয়ে বিরোধীদলীয় নারী সংসদ সদস্যদের উদ্দেশে বিএনপির এক সাংসদের মন্তব্যের প্রতিবাদ এবং দেশব্যাপী ধর্ষণের ঘটনার বিরুদ্ধে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রোববার (১৪ জুন) রাত সাড়ে ৯টায় ছাত্রশিবির ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত মিছিলটি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজার। এছাড়া কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, ঢাকা মহানগর পূর্ব সভাপতি ও ডাকসু পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, দক্ষিণ সভাপতি হাফেজ দেলোয়ার হোসাইন, পশ্চিম সভাপতি হাফেজ আবু তাহেরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর সভাপতি সাইফুল ইসলাম সায়েম।

সমাবেশে বক্তারা জাতীয় সংসদে হিজাব ও শালীন পোশাক নিয়ে করা মন্তব্যের সমালোচনা করে বলেন, এটি দেশের ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত করেছে। তারা সংশ্লিষ্ট বক্তব্য প্রত্যাহার এবং ক্ষমা চাওয়ার দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে আজিজুর রহমান আজার বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুশীলন ও পোশাকের স্বাধীনতা নিয়ে কটাক্ষ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অভিযোগ করেন, সংসদে দেওয়া ওই বক্তব্য এবং তা সমর্থন করে টেবিল চাপড়ে উল্লাস প্রকাশ ধর্মীয় মূল্যবোধের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল।

তিনি আরও বলেন, দেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে এবং এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা প্রয়োজন। ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক ও জাতীয় ঐক্য গড়ে তোলারও আহ্বান জানান তিনি।

সমাবেশে অন্যান্য বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে বলেন, খুন, ধর্ষণ ও সহিংসতার বিভিন্ন ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা অপরাধ দমনে সরকারের আরও কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা হিজাব অবমাননার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।