• ঢাকা |

ব্র্যাকসু পুনর্গঠনের দাবিতে বেরোবিতে অবস্থান কর্মসূচি 


নিউজ প্রকাশের তারিখ : ৪ নভেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গঠনতন্ত্র সংশোধনের আড়ালে ব্র্যাকসু (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচন বিলম্বিত বা বানচালের অভিযোগ তুলে দ্রুত নির্বাচন কমিশন গঠন ও তফসিল ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 
বাংলা বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী সুমন ইসলাম বলেন,  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ আইন সংশোধনের দাবির আড়ালে একটি মহল নির্বাচনকে বিলম্বিত ও বানচালের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমরা স্বীকার করি, আইনটি শতভাগ নিখুঁত নয়—কিছু জায়গায় সংশোধনের প্রয়োজন আছে, তবে তা কোনোভাবেই নির্বাচন আয়োজনের অন্তরায় হতে পারে না। নির্বাচন শেষে প্রয়োজনীয় সংশোধন করা যেতে পারে। তাই আমরা অবিলম্বে নির্বাচন কমিশন গঠন করে তফসিল ঘোষণা এবং আগামী এক মাসের মধ্যে ব্র্যাকসু নির্বাচন সম্পন্নের দাবি জানাই।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী রহমত আলী বলেন, ব্র্যাকসু হলো শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলন ও অনশনের ফসল। কোনো পক্ষ যদি এটি বানচালের চেষ্টা করে, তাহলে বেরোবির শিক্ষার্থীরা দাঁতভাঙা জবাব দেবে। কোনো ষড়যন্ত্রই এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ প্রতিষ্ঠার পথে বাধা হতে পারবে না।