• ঢাকা |

ডিআরইউ’র সাত দিনের প্রশিক্ষণে অংশ নিলেন ৬ শতাধিক সাংবাদিক


নিউজ প্রকাশের তারিখ : ৮ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

এআই দক্ষতায় সাংবাদিকতার নতুন দিগন্ত
 সৈয়দ আখতার সিরাজী: 
গুজব, অপতথ্য ও ডিপফেইকের এই সময়ে সাংবাদিকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট-চেকিং বিষয়ে দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে শুধু সংবাদ সংগ্রহ নয়, তথ্য যাচাইয়ের সক্ষমতাও সাংবাদিকতার অপরিহার্য অংশ হয়ে উঠেছে। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমেই মানুষের কাছে নির্ভুল ও বিশ্বাসযোগ্য তথ্য পৌঁছে দেওয়া সম্ভব।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত সাত দিনব্যাপী “AI-Powered Journalism: Opportunities, Risks and Digital Security” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মশালায় গত সাত দিনে বিভিন্ন ব্যাচে মোট ছয় শতাধিক সদস্য অংশ নেন। প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে ডিআরইউ; সহযোগিতায় ছিল এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ ও গেমপ্লিফাই।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি শফিকুল ইসলাম খান মিল্টন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন।
প্রধান অতিথি বলেন, সাংবাদিকরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তথ্য বিকৃতি ও অপতথ্য প্রতিরোধে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি ভবিষ্যতেও ডিআরইউ’র পাশে থাকার আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে আবু সালেহ আকন বলেন, এআই প্রযুক্তির ব্যবহার যেমন ইতিবাচক সম্ভাবনা তৈরি করছে, তেমনি এর অপব্যবহারের ঝুঁকিও রয়েছে। তাই সাংবাদিকদের দায়িত্ব হবে এ প্রযুক্তিকে জনকল্যাণ ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার স্বার্থে ব্যবহার করা। তিনি বলেন, সঠিকভাবে এআই ব্যবহারের মাধ্যমে সাংবাদিকতা আরও শক্তিশালী, গতিশীল ও কার্যকর হয়ে উঠতে পারে।
ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, আধুনিক সাংবাদিকতায় এআই এখন শুধু একটি প্রযুক্তি নয়; এটি কাজের গতি, নির্ভুলতা ও বিশ্লেষণ সক্ষমতা বাড়ানোর গুরুত্বপূর্ণ হাতিয়ার।
ডিআরইউ’র তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল জানান, ডিআরইউ’র ইতিহাসে এটি অন্যতম সফল ও সময়োপযোগী প্রশিক্ষণ আয়োজন হিসেবে স্বীকৃতি পেয়েছে। অংশগ্রহণকারী সাংবাদিকরাও নিয়মিত আধুনিক ও ব্যবহারিক প্রশিক্ষণের আয়োজন অব্যাহত রাখার দাবি জানান।
ভিডিও বার্তায় গেমপ্লিফাইয়ের চেয়ারম্যান মশিউর রহমান বলেন, সাংবাদিকরা সমাজের বিশ্বাসযোগ্য তথ্যনেতা। ফেক নিউজ ও ভুয়া ভিডিওর এই সময়ে বিশ্বস্ত সাংবাদিকতার গুরুত্ব আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। গেমপ্লিফাইয়ের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান বলেন, এআই যুগে অপতথ্য ও ডিপফেইকের ঝুঁকি মোকাবিলায় সাংবাদিকদের এআই সম্পর্কে দক্ষ হওয়া অপরিহার্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিআরইউ’র সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য আকতার হোসেন ও আল আমিন আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাত দিনের এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে-কলমে শেখানো হয় চ্যাটজিপিটি, জেমিনি, গুগল এআই স্টুডিও এবং নোটবুকএলএমসহ আধুনিক বিভিন্ন এআই টুলের ব্যবহার। প্রশিক্ষণে বিশেষ গুরুত্ব পায় কার্যকর প্রম্পটিং, ডেটা সাংবাদিকতা, তথ্য বিশ্লেষণ, অনুসন্ধানী সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার, ডিজিটাল স্টোরিটেলিং, ফ্যাক্ট-চেকিং এবং ডিপফেইক শনাক্তকরণ।
প্রশিক্ষকরা দেখান, কীভাবে দীর্ঘ অডিও, ভিডিও ও পিডিএফ ফাইল থেকে দ্রুত তথ্য ও প্রয়োজনীয় ইনসাইট সংগ্রহ করে সংবাদ প্রস্তুত করা যায়। অংশগ্রহণকারীরা গবেষণা, স্ক্রিপ্ট লেখা, অনুবাদ, শিরোনাম তৈরি এবং তথ্য যাচাইয়ের মতো কাজে এআই ব্যবহারের বাস্তব অভিজ্ঞতাও অর্জন করেন।
সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন গেমপ্লিফাইয়ের কর্মকর্তা ইমাম হাসান সোহেল।