• ঢাকা |

উনাহির জোড়া গোলে কানাডার স্বপ্নভঙ্গ, ৩-০ গোলে হারিয়ে শেষ আটে মরক্কো


নিউজ প্রকাশের তারিখ : ৫ জুলাই, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

এমএম রহমতুল্লাহ: বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন দেখছিল কানাডা। তবে সেই স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে গত আসরের সেমিফাইনালিস্ট মরক্কো। শেষ ষোলোর লড়াইয়ে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে উত্তর আফ্রিকার প্রতিনিধিরা।

ম্যাচের শুরুতেই ধাক্কা খায় মরক্কো। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করা ইসমাইল সাইবারি ২২ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। তার পরিবর্তে মাঠে নামেন সুফিয়ান রাহিমি।

প্রথমার্ধে গোলের দেখা না মিললেও আক্রমণে এগিয়ে ছিল কানাডা। একাধিকবার মরক্কোর রক্ষণে চাপ সৃষ্টি করলেও গোলরক্ষক ইয়াশিন বুনোর দুর্দান্ত সেভে হতাশ হতে হয় স্বাগতিকদের। বুনোর দৃঢ়তায় গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ৪৯ মিনিটে আশরাফ হাকিমির নেওয়া ফ্রি কিক থেকে বক্সের সামনে বল পেয়ে নিচু শটে জাল খুঁজে নেন এজেদিন উনাহি। কানাডার রক্ষণভাগ এবং সতীর্থ রাহিমির পায়ের ফাঁক গলে বল জালে জড়ালে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মরক্কো।

গোলের পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে মরক্কো। ৮২ মিনিটে দ্রুতগতির পাল্টা আক্রমণে ব্রাহিম দিয়াজের নিখুঁত পাস ধরে বক্সে ঢুকে দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় এবং দলের দ্বিতীয় গোল করেন উনাহি।

নির্ধারিত সময় শেষে যোগ করা আট মিনিটে ব্যবধান আরও বাড়ায় মরক্কো। আরেকটি দ্রুত পাল্টা আক্রমণে ব্রাহিম দিয়াজের পাস থেকে একা গোলরক্ষকের সামনে বল পেয়ে সহজেই জালে পাঠান সুফিয়ান রাহিমি। তাতেই ৩-০ গোলের দাপুটে জয় নিশ্চিত করে মরক্কো।

এই জয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে পৌঁছাল মরক্কো। একই সঙ্গে ২০২৬ বিশ্বকাপের প্রথম দল হিসেবে শেষ আটে নিজেদের স্থান নিশ্চিত করল তারা। কোয়ার্টার ফাইনালে মরক্কোর সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ফ্রান্স।