মোঃ মনিরুজ্জামান চৌধুরী ,নড়াইল থেকেঃজমিদার মণিবাবুর বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের কুন্দসী গ্রামে কথিত জমিদার মণিবাবুর বাড়ি অবস্থিত। লোহাগড়া সদর থেকে প্রায় ১.৫ কিলোমিটার দক্ষিণে কুন্দসী নামক গ্রাম। এ গ্রামের লোহাগড়া-মল্লিকপুর পাকা সড়কের সাথে লাগোয়া পশ্চিম পাশে এ জমিদার বাড়ির অবস্থান। এ স্থাপত্যিক পুরাকীর্তি থেকে প্রায় ৫০০ মিটার পশ্চিম পাশ দিয়ে নবগঙ্গা নদী প্রবাহিত রয়েছে। পুকুরের ঘাটে প্রাপ্ত শিলালিপি অনুযায়ী জনৈক আইনজীবী গুরুদাস ভট্টাচার্য ১২৯৭ বঙ্গাব্দে কুন্দসী গ্রামে এ বাড়ি নির্মাণ করেন । পরবর্তীতে তিনি বাংলা ১৩০০ সালে এ বাড়িতে একটি দ্বিতল প্রাসাদ নির্মাণ করেন (প্রাসাদের সামনের দেয়ালে প্রাপ্ত শিলালিপি অনুযায়ী)। স্থানীয় লোকদের কাছ থেকে জানা যায় যে, গুরুদাস ভট্টাচার্যের মৃত্যুর পর পৈতৃকসূত্রে মনিন্দ্রনাথ ভট্টাচার্য এ বাড়ির মালিক হন। মনিন্দ্রনাথের মৃত্যুর পর তার পুত্র বারিন্দ্রনাথ ভট্টাচার্য এ বাড়ির মালিকানা লাভ করেন। ভট্টাচার্য পরিবার দেশান্তরী হলে জনৈক আশীষ ব্যানার্জী পারিবারিকসূত্রে এ বাড়িতে পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন। পূর্বমুখী করে তৈরি এ বাড়িতে বিদ্যমান উল্লেখযোগ্য নিদর্শন হল একটি দ্বিতল প্রাসাদ। এছাড়া বাড়ির প্রবেশপথের উত্তর পাশে সান বাঁধানো ঘাটযুক্ত একটি পুকুর এবং দক্ষিণ পাশে মাটির তৈরি একটি মন্দির রয়েছে ।