নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য সম্মেলন ২০২৬ সম্পন্ন হয়েছে। সংগঠনের ২০২৬-২০২৭ সেশনের জন্য জাকারিয়া হোসাইন জাকিরকে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত এবং মুহাম্মদ ইসমাঈল খন্দকারকে সেক্রেটারি জেনারেল মনোনীত করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকায় অনুষ্ঠিত সদস্য সম্মেলনের সমাপনী অধিবেশনে কেন্দ্রীয় সভাপতির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। সারাদেশের সদস্যদের প্রত্যক্ষ ভোটে জাকারিয়া হোসাইন জাকির নির্বাচিত হন। তিন সদস্যের নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক মো. আবদুল জলিল ও প্রকৌশলী আবদুল হাফিজ খসরু।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে সারাদেশের সদস্যদের ভোট গ্রহণ করা হয়। শনিবার বিকেল সাড়ে ৩টায় সদস্যদের উপস্থিতিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি জাকারিয়া হোসাইন জাকিরকে শপথবাক্য পাঠ করান খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। পরে জাকারিয়া হোসাইন জাকিরের সভাপতিত্বে সম্মেলনের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশন পরিচালনা করেন নবমনোনীত সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইসমাঈল খন্দকার।
ছাত্রসমাজকে জ্ঞান ও নৈতিকতায় গড়ে তোলার আহ্বান
সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, ছাত্রসমাজ একটি দেশের ভবিষ্যৎ নেতৃত্বের অন্যতম প্রধান ভিত্তি। জ্ঞান, নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমের সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে।
তিনি বলেন, শিক্ষাব্যবস্থার সব স্তরে কুরআন ও প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে সমৃদ্ধ করার পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে।
শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি শিক্ষা খাতে অনিয়ম, দুর্নীতি ও বৈষম্য দূর করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার, নৈতিকতা ও দায়িত্ববোধ সম্পর্কে সচেতন করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি ও নতুন দায়িত্বশীলদের অভিনন্দন জানিয়ে মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, সংগঠনের দায়িত্বশীলদের আমানতদারিতা, তাকওয়া, নিষ্ঠা ও ত্যাগের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ছাত্রসমাজের কল্যাণের পাশাপাশি দেশ ও জাতির বৃহত্তর কল্যাণেও ভূমিকা রাখতে হবে।
উপস্থিত ছিলেন সাবেক দায়িত্বশীলরা
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক আবদুল জলিল এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আব্দুল করিম।
এ ছাড়া সাবেক কেন্দ্রীয় সভাপতিদের মধ্যে অ্যাডভোকেট শায়খুল ইসলাম, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, মাওলানা সোহাইল আহমদ, মাওলানা আজিজুল হক, মাওলানা ইলিয়াস আহমদ, মাওলানা মনসুরুল আলম মনসুর, মাওলানা মনির হোসাইন ও সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী উপস্থিত ছিলেন।
সাবেক সেক্রেটারি জেনারেল সেলিম হোসাইন ও মাওলানা খালেদ আহমদ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, সহসাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল হক আমিনী এবং শ্রমিক মজলিসের সাধারণ সম্পাদক এইচ এম এরশাদও সম্মেলনে উপস্থিত ছিলেন।
সাবেক নির্বাহী ও পরিষদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ ফরিদ উদ্দিন, আলমগীর হোসাইন, মুফতি শেখ শাব্বির আহমদ, মাহমুদুল হাসান ত্বহা এবং সদ্য বিদায়ী কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম ও ছাত্রকল্যাণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান রাসেল।
অনুষ্ঠানে কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক আহসান আহমাদ খান, অফিস ও পাঠাগার সম্পাদক নূর মোহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ এম শাহাব উদ্দিন, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি সাইফুদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি সাকিব মাহমুদ রুমী, সিলেট মহানগরী সভাপতি মুহিবুর রহমান রায়হান, কুমিল্লা মহানগরী সভাপতি মুহাম্মদ ইকরামুল হক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি জুনায়েদ আহমদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ২০২৬-২০২৭ সেশনের সাংগঠনিক কার্যক্রমের নতুন পর্ব শুরু হলো।