রুহুল ইসলাম মিঠু, সিলেট জেলা প্রতিনিধি: দেশের চাঁদাবাজদের তালিকা তৈরি করেছে পুলিশ। তালিকায় মোট তিন হাজার ৮৪৯ জনের নাম রয়েছে। এর মধ্যে সিলেট বিভাগে ১২৬ জনের নাম রয়েছে চাঁদাবাজদের তালিকায়। সবচেয়ে বেশি মৌলভীবাজারে।
বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুত করা এই খসড়া তালিকার অর্ধেকই বিভিন্ন দলের রাজনৈতিক নেতা-কর্মী। সংশ্লিষ্টরা বলছেন, সারা দেশে সক্রিয় চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই সমন্বিত অভিযান শুরু হবে। এপ্রিলের মাঝামাঝি সময় থেকে রাজধানী ঢাকাসহ দেশজুড়ে এ অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। বিভিন্ন সংস্থার তালিকা সমন্বয়ের পর এ সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট অনেকেই।
পুলিশের তথ্যমতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, এই চক্র দীর্ঘদিন ধরে সড়ক, হাটবাজার, বালুমহাল, বাস-টেম্পো-স্ট্যান্ড, নৌঘাট, মাছ বাজার, ভ্রাম্যমাণ কাঁচাবাজার, সরকারি লিজকৃত জমিতে গড়ে ওঠা ব্যবসাপ্রতিষ্ঠান, পাইকারি আড়ৎ এবং বিভিন্ন নির্মাণ প্রকল্প থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া, তালা ঝুলিয়ে দেওয়া কিংবা নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার মতো ঘটনাও ঘটায় তারা।
পুলিশের তালিকাভুক্তদের প্রায় ৯০ শতাংশই কোনো না কোনোভাবে রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত-এমন অভিযোগ রয়েছে। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা নিজেদের পরিচয়ও বদলে ফেলে। এক পর্যায়ে তারা নতুন ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় সক্রিয় হয়ে ওঠে এবং চাঁদা আদায় করতে শুরু করে।
সিলেট বিভাগের মধ্যে সুনামগঞ্জে ১২, সিলেটে ৩৫, হবিগঞ্জে ৩৪ ও মৌলভীবাজারে ৪৫ জনের নাম চাঁদাবাজের তালিকা উঠে এসেছে।
পুলিশ জানিয়েছে, শিগগিরই এই তালিকা তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেবেন।