• ঢাকা |

দুর্যোগ প্রস্তুতিতে সমন্বিত কাজের আহ্বান মন্ত্রী আসাদুল হাবিব দুলুর


নিউজ প্রকাশের তারিখ : ১৩ মার্চ, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

কল্লোল আহমেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি।

শুক্রবার (১৩ মার্চ) লালমনিরহাট সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, ত্রাণ কার্যক্রমের সুষ্ঠু ব্যবস্থাপনা, চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি এবং সাধারণ মানুষের কল্যাণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় দুর্যোগ মোকাবিলায় সবাইকে আগাম প্রস্তুত থাকতে হবে। দুর্যোগের সময় দ্রুত ত্রাণ সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং তাদের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও মানবিক সহায়তা যেন সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে যায়, সে বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ বিতরণ কার্যক্রম এবং চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সার্বিক অগ্রগতি তুলে ধরা হয়। এ সময় উপস্থিত জনপ্রতিনিধি ও কর্মকর্তারা এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন চাহিদা নিয়ে মতামত প্রদান করেন।

সভায় লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি তার জেলা সফরের অংশ হিসেবে লালমনিরহাটে বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে উন্নয়ন ও জনকল্যাণমূলক বিষয় নিয়ে ধারাবাহিক মতবিনিময় করছেন।