আল-মায়ামী: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ফ্রেন্ডস অব হিউম্যানিটি (এফওএইচ), ইউএসএ-এর আর্থিক সহযোগিতায় দেশের বিভিন্ন জেলায় কোরবানির গোস্ত বিতরণ কর্মসূচি পরিচালিত হয়েছে।
ঢাকার মিরপুর ও মোহাম্মদপুর এলাকার বস্তিবাসীদের মাঝে ৭টি গরু ও ২টি ছাগল কোরবানি করে ২৪৫ জন উপকারভোগীর মধ্যে গোস্ত বিতরণ করা হয়।
অন্যদিকে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ২৩টি গরু ও ৩৩টি ছাগল কোরবানি করা হয়। এসব মাংস এফওএইচ স্কুল প্রজেক্টের আওতাধীন ৫টি প্রাথমিক বিদ্যালয়, ১টি উচ্চ বিদ্যালয়, ১টি কোচিং সেন্টার এবং ১টি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী, তাদের পরিবার, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের মধ্যে বিতরণ করা হয়।
এফওএইচ স্কুল প্রজেক্ট, সৈয়দপুরের প্রকল্প সমন্বয়ক আব্দুল লতিফ জানান, উপজেলার গোলাহাটস্থ এফওএইচ স্কুল প্রাঙ্গণে সংস্থাটির পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আওতাভুক্ত প্রায় ১ হাজার ৩০০ জন উপকারভোগীর প্রত্যেককে ১ কেজি ২০০ গ্রাম করে গরু ও ছাগলের মাংস প্রদান করা হয়েছে।
এদিকে রংপুর নগরীর রবার্টসগঞ্জ এলাকায় অবস্থিত এফওএইচ প্রাইমারি স্কুলের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং শতাধিক অসহায় বস্তিবাসীর মধ্যে ৫টি গরু ও ১০টি ছাগলের মাংস বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এফওএইচ ইউএসএ’র বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর সৈয়দ ওসামা জালাল, এফওএইচ স্কুল প্রজেক্ট, সৈয়দপুরের প্রকল্প সমন্বয়ক আব্দুল লতিফ, হিড-এর নির্বাহী পরিচালক মো. হারুন অর রশিদ, চেয়ারম্যান এম. এ. বারী, সহকারী পরিচালক মো. শরফুদ্দিন, ভাইস চেয়ারম্যান এম. এ. আউয়াল, কোষাধ্যক্ষ ওয়াকিল আহমেদ মুন্নাসহ এফওএইচ স্কুলের শিক্ষকবৃন্দ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।