নড়াইল সংবাদদাতা: নড়াইলের লোহাগড়া উপজলার লাহুড়িয়ায় সর্বস্তরের জনগণের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) উপজেলার লাহুড়িয়া বাজার হাইস্কুল মাঠ প্রাঙ্গণে লোহাগড়া থানা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরুজ্জামান, লোহাগড়া থানার ওসি জনাব মোঃ আব্দুর রহমান, লোহাগড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়, লাহুড়িয়া , লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নড়াইল জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ, অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার বলেন, এই বছর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের। আপনারা যাকে ভালো মনে করেন তাকে ভোট দিতে পারবেন আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। সকলের কাছে অনুরোধ আপনারা সকলে ভোটকেন্দ্রে যাবেন আপনাদের মতামত প্রকাশ করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ নির্বাচনী প্রচারণার সময় দয়া করে আপনি আপনার ব্যবহার দিয়ে আপনাকে আকর্ষণীয় করার চেষ্টা করবেন। অন্যের খারাপ দিক তুলে ধরে নিজেদের ভেতর বিভেদ তৈরি করবেন না। বাংলাদেশ গড়ার লক্ষ্যে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে, ভবিষ্যৎ প্রজন্ম যাতে সমৃদ্ধ হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির কোন অবনতি যাতে না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, কোন মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে হয়রানি করবেন না। পুলিশ জনগণের পাশে থেকে আপনাদের সব সময় সহযোগিতা করবে। পুলিশ জনগণের বন্ধু, কোন প্রকার দালাল ছাড়া নির্ভয়ে পুলিশি সেবা গ্রহণ করুন। এ সময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা করেন এবং এর সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।