• ঢাকা |

বাংলা নববর্ষে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা


নিউজ প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও: বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আয়োজন করা হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। 

 

 মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে শহরের বিভিন্ন সড়ক ঘুরে এই শোভাযাত্রা বের করা হয়, যেখানে অংশ নেন নানা শ্রেণি-পেশার মানুষ।

 

শোভাযাত্রাটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে অংশগ্রহণকারীরা রঙিন পোশাক, মুখোশ, ব্যানার ও ফেস্টুন নিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন। শোভাযাত্রায় ছিল গ্রামীণ ঐতিহ্যবাহী নানা উপকরণ, মহিষ ও গরুর গাড়ি, পুতুল, পালকি, এবং লোকজ সংস্কৃতির নানা প্রতীকী উপস্থাপনা।

 

 

শোভাযাত্রায় ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি প্রাণবন্ত হয়ে ওঠে। এ সময় ঢাক-ঢোলের বাদ্যযন্ত্র ও লোকসংগীত পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

 

আদালত চত্বরের বটতলায় নিক্বণের পরিবেশনায় বৈশাখ বরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসবের মাধ্যমে আমাদের হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব। তারা সকলকে অসাম্প্রদায়িক চেতনায় ঐক্যবদ্ধ হয়ে বাংলা সংস্কৃতি লালন করার আহ্বান জানান।

 

শোভাযাত্রাকে ঘিরে শহরে ছিল উৎসবের আমেজ। নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা।