SIIS-ঢাবি যৌথ ওয়ার্কিং ফোরাম গঠনের প্রস্তাব
চীন প্রতিনিধি: চীনের Shanghai Institutes for International Studies (SIIS)-এ অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও SIIS-এর মধ্যে একটি যৌথ ওয়ার্কিং ফোরাম গঠনের প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। আঞ্চলিক গতিশীলতা এবং উদীয়মান ভূরাজনৈতিক বাস্তবতাকে সামনে রেখে প্রস্তাবিত এই ফোরাম সমুদ্র নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা, যোগাযোগ ব্যবস্থা (Connectivity) এবং আঞ্চলিক অর্থনৈতিক পরিবর্তন নিয়ে যৌথ নীতিগত গবেষণা পরিচালনা করবে।
বৈঠকে আরও জানানো হয়, দুই প্রতিষ্ঠানের গবেষক, তরুণ শিক্ষাবিদ এবং ভবিষ্যৎ নীতিনির্ধারকদের অংশগ্রহণে যুব-নেতৃত্বাধীন Track 1.5 এবং Track 2 কৌশলগত সংলাপ আয়োজন করা হবে। পাশাপাশি প্রযুক্তি শাসন, কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিকতা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতা নিয়ে যৌথ আলোচনা ও গবেষণামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
Liu Zongyi-এর সঞ্চালনায় আয়োজিত এ বৈঠকে চীনের প্রসিদ্ধ শিক্ষাবিদ, দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক, ছাত্র প্রতিনিধি, ডাকসু নেতৃবৃন্দ এবং চীন সরকারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গোলটেবিল বৈঠকে তিনটি পৃথক অধিবেশনে বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে বিশ্ব রাজনীতির পরিবর্তনশীল বাস্তবতা, বৃহৎ শক্তিগুলোর প্রতিযোগিতা এবং উদীয়মান বৈশ্বিক কাঠামো নিয়ে মতবিনিময় হয়। দ্বিতীয় অধিবেশনে মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং আন্তর্জাতিক ভূরাজনৈতিক অস্থিরতা নিয়ে আলোচনা করা হয়। তৃতীয় অধিবেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার গভর্ন্যান্স এবং ভবিষ্যৎ প্রযুক্তির ভূরাজনৈতিক প্রভাব নিয়ে দীর্ঘ আলোচনা ও দ্বিপাক্ষিক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারীরা মনে করেন, বাংলাদেশ ও চীনের একাডেমিক ও কৌশলগত সহযোগিতা জোরদারে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আঞ্চলিক স্থিতিশীলতা, জ্ঞানভিত্তিক নীতিনির্ধারণ এবং যুবসম্পৃক্ত কূটনৈতিক সংলাপকে নতুন মাত্রা দেবে।