স্টাফ রিপোর্টার: আগামীর বাংলাদেশ নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আরেকটা লড়াই হবে ইনশাআল্লাহ। একটা লড়াই হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা দুর্নীতির বিরুদ্ধে।”
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দু’বার অসুস্থ হয়ে পড়েন।
বিকেল সাড়ে ৫টার কিছু আগে বক্তব্য শুরু করলে গরমের কারণে প্রথমবার তিনি অসুস্থবোধ করেন। তখন তিনি মাথার টুপি খুলে বক্তব্য চালিয়ে যান। কিছুক্ষণ পর হঠাৎ নিচে পড়ে যান। নেতাকর্মীরা তাকে ধরে মঞ্চে শুয়ে দেন। পরে কিছু সময় অপেক্ষার পর তিনি আবার বক্তব্য শুরু করেন, কিন্তু দ্বিতীয়বারও অসুস্থ হয়ে পড়েন। তখন মঞ্চে থাকা নেতারা তাকে চেয়ারে বসিয়ে দেন। এরপর কিছুটা বিশ্রাম নিয়ে বসেই বক্তব্য চালিয়ে যান তিনি।
বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “জীবন থাকা পর্যন্ত দেশের জন্য কাজ করব ইনশাআল্লাহ। বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি হবে না, দুর্নীতি হবে না। চাঁদা আমরা নেব না, চাঁদা আমরা দেব না।”
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমার দুর্ভাগ্য, আমি আন্দোলনে শহিদ হতে পারিনি। আগামীতে যে আন্দোলন হবে, আল্লাহ যেন সেখানে আমাকে শহিদ হিসেবে কবুল করেন।”
তিনি আরও বলেন, “এখন থেকে বাংলাদেশে পুরোনো কোনো কিছুই থাকবে না। পুরোনো এই বস্তাপচা জিনিস যদি এই দেশে থাকে, তাহলে কেন এত লোক জীবন দিল?”
এর আগে, দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ শুরু হয়। যদিও কার্যক্রম শুরু হয়েছিল সকাল থেকেই। ৭ দফা দাবিতে আয়োজিত এ সমাবেশে সারাদেশ থেকে লাখো নেতাকর্মী অংশ নেন।
জামায়াত নেতাদের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবারের সদস্যরাও বক্তব্য দেন। ডা. শফিকুর রহমানের বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।