নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শহরতলীর হাজীপুর গ্রামে মোজাম্মেল (২৩) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে হাজীপুর ফারুক মোল্লার মোড়ে মদিনা ওয়ার্কশপের সামনে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল রায়পুরা উপজেলার চরসুবুদ্দি ইউনিয়নের বল্লভপুর গ্রামের চানমিয়ার ছেলে। তিনি হাজীপুরের একটি বাসায় ভাড়া থেকে শহরের সিএন্ডবি রোডে একটি কাপড়ের দোকানে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০ টার দিকে হাজীপুরের ফারুক মোল্লার মোড়ে মদিনা ওয়ার্কশপের সামনে দাড়িয়ে ছিলো মোজ্জাম্মেল। এসময় কাউছার নামের এক ব্যক্তি তার পেছন থেকে দা দিয়ে ঘাড়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানান, নিহত মোজাম্মেল ও কাউছার শহরের একটি মার্কেটে পাশাপাশি কাপড়ের দোকানের কর্মচারী। হাজীপুরে তারা এক সঙ্গেই ভাড়া বাসায় থাকতেন। রাতে খাবার পর একে অপরের গায়ে খাবার পানি ছিটানোকে কেন্দ্র করে বিরোধ হয়। এ নিয়ে সকালে মোজাম্মেলকে কুপিয়ে পালিয়ে যায় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে এখনো কাউকে আটক করা যায়নি।