মোঃ মোস্তাফিজার রহমান বাবুল, বগুড়া: বগুড়া শহরের ডালপট্টিতে মুগ ডালে কৃত্রিম রং মিশিয়ে উজ্জ্বল করে ক্রেতাদের আকৃষ্ট করার অভিযোগে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তর।
আজ রবিবার (২ নভেম্বর) দুপুরে যৌথভাবে পরিচালিত অভিযানে রঙ মেশানো মুগ ডালের অস্তিত্ব পাওয়ায় চার ব্যবসায়ীকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। প্রত্যেককে ২৫ হাজার টাকা করে এই জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক (এডি) মো. মেহেদী হাসান এবং নিরাপদ খাদ্য অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মো. রাসেল মিয়া।
এ বিষয়ে এডি মো. মেহেদী হাসান জানান, “ঢাকায় মুগ ডালে রং মেশানোর প্রমাণ পাওয়ার পর সারাদেশে অভিযান চলছে। বগুড়ায়ও আজ অভিযান চালিয়ে চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। একইসাথে অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে এবং এক দিনের সময় দেওয়া হয়েছে রঙ মেশানো ডাল সরিয়ে ফেলার জন্য।”
তিনি আরও জানান, “একদিন পর পুনরায় অভিযান পরিচালনা করা হবে। তখনও যদি রঙ মেশানো ডাল বিক্রি করতে দেখা যায়, তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”